Monday, October 16, 2017

চক্রবৃদ্ধির সমস্যা




মস্কো থেকে দুবনা ফিরছি। বাইরে ঘন অন্ধকার। আসছি ব্লা ব্লা কারে। সাথে আরও দু’জন যাত্রী। বাসে বা ট্রেনে গেলে সহযাত্রীদের সম্পর্কে ততটা আগ্রহ বোধ করি না যতটা করি ট্যাক্সিতে। এটা মনে হয় ছোট আর আবদ্ধ পরিসরের জন্য।
অন্ধকারের বুক চিড়ে এগিয়ে চলছি, ফোন এলো সচি থেকে, উদীচীর সাধারণ সম্পাদকের ফোন। কিছুক্ষণ কথা হোল। হঠাৎ আমি যেন দেশে চলে গেলাম। দিদির কথা মনে হল। বেল্লালের আর কুদ্দুস ভাইয়ের ছেলে রাশেদের। ইচ্ছে হোল কই মাছের ঝোল দিয়ে মুড়ি খেতে।
ফ্রাই প্যানে ত্রেস্কা দেখতে পেলাম। সন্ধ্যে বেলায় রান্না করেছিলাম। কিন্তু আমি তো মাছের ঝোল রাঁধতে পারি না! বারে, মাছের ঝোল রাঁধতে পারলেই বা কী? কই মাছ কোথায় পাবো? কই মাছের ভাবনা শেষ হতে না হতেই মনে হোল ঝোল না হয় রাধলাম, কিন্তু মুড়ি পাবো কই। এ যে দেখছি চক্রবৃদ্ধির সমস্যা!     
দুবনা, ১৭ অক্টোবর ২০১৭       


 

Sunday, October 8, 2017

পিভা



গতকাল রাত ১০ টার পর গুলিয়ার ফোন এলো। সেভা এখনও বাসায় ফেরেনি, টেলিফোন ধরছে না। গতকাল ক্লাস শেষে সেভা মস্কো গেছে বন্ধু মাক্সের সাথে ফুটবল খেলবে বলে। এখানে ও কারো সাথে মেশে না, স্কুলের পরে বাসায় বসে থাকে। আইকার সাথে বা কম্পিউটার গেম খেলে সময় কাটায়। তাই একরাতের জন্য মস্কো যেতে চাইলে মানা করি না।
-    ঠিক আছে, দেখি পাই কি না!
সেভা কল রিসিভ করলো না, মানে খেলায় ব্যস্ত। কন্টাক্টে (লোকাল সামাজিক মাধ্যম) মেসেজ রাখলাম। প্রায় ১১ টার দিকে সেভা ফোন করে জানালো বাসায় ফিরছে। আমি বলায় বাসায় পৌঁছে আবার ফোন করলো।
আজ সকাল ১১ টায় গুলিয়ার ফোন।
-    কোথায় ছিলে?
-    মানে?
-    এতবার ফোন করছি, ধরছো না।   
-    আমি কাজ করছিলাম। সেট পাশেই ছিল। ফোন এলে তো দেখার কথা। যাকগে কি হোল আবার?
-    সেভার ব্যাগে পিভার ক্যান দেখলাম।
-    মানে?
-    না, আমি আলমারি গোছাতে গেছি, ওর ব্যাগটা খোলাই ছিল।
গুলিয়া জানে আমি অন্যদের ব্যাগ চেক করা পছন্দ করি না, তাই অজুহাত।
-    ওটা অন্য কিছুও হতে পারে। তুমি সিওর?
-    হ্যাঁ। তাই তো বলছি। এখন কি করা?
-    কি আর করা। জিজ্ঞেস কর এগুলো কোত্থেকে?
-    ভালো হয় তুমি কথা বললে।
-    কিন্তু আমি কি বলবো? ও যদি তখন বলে কিছু ছিল না। তাই এখনই ওকে জিজ্ঞেস কর। পরে আমি কথা বলবো।
-    কিন্তু বলবো কি?
-    শুধু জিজ্ঞেস কর এসব কোত্থেকে ওর ব্যাগে এলো।
-    তারপর কি?
-    দেখ কি বলে?
-    তারপর?
-    তারপর মানে?
-    মানে, শাস্তি দিতে হবে না?
-    তোমার দরকার ওকে শাস্তি দেয়া, নাকি ওকে বুঝিয়ে বলা কাজটা ভালো হয়নি।
-    ঠিক আছে।
সেভা দুবনা ফিরবে সন্ধ্যা ৮ টায়, আমি মস্কো যাবো ৭ টায়। গুলিয়ার কাছ থেকে সব জেনে সময় করে সেভার সাথে কথা বলতে হবে। ছেলেটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে।
দুবনা, ০৯ অক্টোবর ২০১৭ 




Sunday, October 1, 2017

বড় হওয়া


গতকাল সন্ধ্যা থেকেই শরীরটা কেমন যেন লাগছিল। যথারীতি ওষুধ খাবার পরেও যখন অস্বস্তি কমলো না, প্রেসারটা মেপে দেখি ওটা বেশ হাই – ১৫০/১০০। আগে প্রেসার ওঠানামা করতো সতর্ক সংকেত জানিয়ে – ঘাড় থেকে শুরু করে চাঁদি পর্যন্ত প্রচণ্ড ব্যথা করতো অথবা হাত-পা কাঁপতে শুরু করতো। এরপর থেকে রেগুলার ওষুধ খাচ্ছি ডাক্তারের পরামর্শে। প্রেসারটা তাই কন্ত্রোলেই থাকে, যদিও কালেভদ্রে ওঠানামা করে। তাই প্রেসার দেখেই এ্যাম্বুলেন্সে কল করলাম, বললাম কি কি ওষুধ খেয়েছি আর জিজ্ঞেস করলাম কি করতে হবে। ওদিক থেকে কয়েকটা ওষুধের নাম বললো যার একটা আমার কাছেই ছিল। ফোন রেখে ওষুধ বের করে দেখি ডেট এক্সপাইয়ারড। তাই আবার ফোন করলাম, অলটারনেটিভ কিছু ওষুধের কথা বললো। ওগুলো খেয়ে শুয়ে পড়লাম, যদিও ঘুম এলো না। সকালে উঠেই ওষুধ কিনে আনলাম, খেলাম। তবে প্রেসার বাবাজী সেই যে মাথায় উঠেছে, নামার আর লক্ষন নেই। এদিকে মস্কো যেতে হবে। গাড়ি বুকিং দেয়া আছে। আগে মস্কো যেতাম ট্রেনে বা বাসে, ইদানীং যাই ব্লা ব্লা কারে। এতে দাম কম পরে, বাসার কাছ থেকে নিয়ে যায় আর সব থেকে বড় কথা ট্রেন বাসের রুটিনের ধার না ধেরে নিজের প্রয়োজন অনুযায়ী যাওয়া যায়। সাড়ে সাতটার  দিকে রেডি হচ্ছি, প্রেসার মেপে দেখি ১৬৬/১০২। সেভা এলো –
-   তোমার আজ মস্কো না গেলেই না?
-   না রে, কাল ক্লাস নিতে হবে।
-   ক্লাস কি সকাল থেকেই?
-   নয়টায়।
-   ঠিক আছে। চল আমি তোমাকে গাড়িতে উঠিয়ে দেই। আর বাড়িতে ফোন করে বল, যেন কেউ তোমাকে এসে নিয়ে যায়।
-   ঠিক আছে। আগে তো যাই।
সেভা আমাকে গাড়িতে উঠিয়ে দিল।           
-   এখন আর তেমন খারাপ লাগছে না। চিন্তা করিস না।
-   যাও। বাসায় পৌঁছে আমাকে ফোন করো। আমি অপেক্ষায় থাকবো।
-   ঠিক আছে। যা, বাসায় যা। আমি কাল তাড়াতাড়ি চলে আসবো।
সেভাটাও বড় হয়ে গেলো। আমার শরীরের খোঁজ খবর নেয়। মনে পড়লো নিজের ছাত্র জীবনের কথা। যদিও আমি পারত পক্ষে ক্লাস ফাঁকি দিতাম না, সেভা সুযোগ পেলেই অসুস্থ হবার আগেই ক্লাস কামাই দেয়। তবে শরীর খুব খারাপ করলে আমিও নির্দ্বিধায় ঘরে বসে থাকতাম, ভাবতাম না টিচার এসে ঘুরে যাবে। অবশ্য একজন ছাত্র না এলে ক্লাস চলে, টিচার না এলে ক্লাস হয় না, যদিও তাতে সব ছাত্ররাই (দুই একজন বাদে) খুশি হয়। কে জানে, বয়েসের সাথে সাথে দায়িত্ববোধ বাড়ছে হয়তো। প্রায় ১৫০ কি;মি; রাস্তা পেরিয়ে বাসায় এসে দেখি, প্রেসারটা শেষ পর্যন্ত নামতে শুরু করেছে। সেভাকে ফোন করে বললাম ভালভাবে পৌঁছেছি, ও যেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে।


মস্কো, ০২ অক্টোবর ২০১৭  



তরমুজ বিভ্রাট




আমাদের দেশে মানুষ যেমন ঘটা করে আম কাঁঠাল খায়, রাশিয়ায় মানুষ তেমনি ঘটা করে খায় তরমুজ। বাজারে তরমুজ আসা মানেই গ্রীষ্মের আগমন, ছুটির হাতছানি, কৃষ্ণ সাগর বা দখিন দেশে বেড়াতে যাবার প্রস্তুতি। বাজারে তরমুজ আসে জুনে, আর সেই সাথে টিভিতে শুরু হয় তরমুজ কিনে যাতে হাসপাতালে যেতে না হয় সে সম্পর্কে বিভিন্ন সাবধান বানী প্রচার। প্রথম দিকের তরমুজ খুব দামী তাই অনেক অসৎ ব্যবসায়ী কেমিক্যালস দিয়ে তরমুজ পাকায়, অনেক সময় আস্ত্রাখানের তরমুজ বলে অন্য এলাকার তরমুজ চালিয়ে দেয়। আমরা নিজেরা তাই তরমুজ কিনতে শুরু করি জুলাইয়ের শেষ বা আগস্টের প্রথমে। এতদিনে দামটাও সাধ্যের মধ্যে চলে আসে আর তরমুজগুলো যে প্রাকৃতিক উপায়েই পেকেছে সে সম্ভাবনাটাও বেশি থাকে। বাসায় তরমুজ এলে সবাই খুশি হলেও খায় মূলত গুলিয়া আর মনিকা। আমরা বাকীরা, মানে আমি, আন্তন, ক্রিস্টিনা আর সেভা এক আধ টুকরা টেস্ট করি। আর বড় তরমুজ মানে যেগুলোর ওজন ১০ কেজি বা তার বেশি যেহেতু সুস্বাদু তাই তরমুজ কেনা হয় যখন বাসায় সবাই থাকে। এবার অবশ্য তরমুজ তেমন কেনা হয়নি, প্রথমত সবাইকে বাসায় এক সাথে পাওয়া কষ্ট, তার উপর আগে বাসার পাশে তরমুজ বাঙ্গির জন্য যেসব পোর্টেবল দোকান ছিল, সেগুলো উঠিয়ে দিয়েছে, তাই তরমুজ কিনে আনতে হয় একটু দূরে সুপার মার্কেট থেকে – যা একটু প্রব্লেম্যাটিক। ফলে দশ বারোটার জায়গায় মাত্র গোটা চারেক তরমুজ কেনা হয়েছে এবার আগস্টে। তাই গত সপ্তাহে গুলিয়া যখন দুবনা আসবে বলল আমি সেভাকে নিয়ে ১০ কিলো এক তরমুজ নিয়ে এলাম। উদ্দেশ্য দুটো। বউও খুশি হবে, আমারও তরমুজের ছবি তোলা হবে। গুলিয়া বাসায় আসতে রাত একটা, তাই আর তরমুজ অফার করলাম না। তরতাজা তরমুজের ছবির ব্যাপারটাই আলাদা। সকালে যখন বললাম তমুজ খেতে, ও বললো
-    এখন খাব না। মস্কো ফিরতে হবে। রাতে দিলে না কেন?
-    বাড়ে, দেবার কি আছে? টেবিলেই তো ছিল।
-    মনিকা শনিবার আসবে, আমিও রবিবার আসবো। তখনই বরং খাওয়া যাবে।
-    ঠিক আছে।
তরমুজ আপাতত বেঁচে গেলো। তবে অল্প দিনের জন্য। শনিবার আমার মিটিং ছিল তাই মনিকা আসার আগেই চলে গেলাম মস্কো। ওখান থেকে মনিকাকে ফোনে বললাম তরমুজ খেতে। রবিবার বাসায় কাজ থাকায় গুলিয়া আর এলো না। তবে আশা ছিল আন্তন, মনিকা আর সেভা মিলে তরমুজের একটা বিহিত করবে।
আমরা দুবনা ফিরলাম সোমবার। বাসায় পৌঁছতে পৌঁছতে রাত এগারটা। ফ্রিজ খুলে দেখি অর্ধেক তরমুজ ওখানে। বাঁচা গেলো। মনিকা তাহলে এতটা খেয়েছে। আমি ওটা বের করে দু’তিন টুকরা খেয়ে বাকিটা রাখলাম গুলিয়ার জন্য। ও এক সময় আর পারবে না বলে কেজি খানেকের এক টুকরো রেখে দিল। পরের দিন সকালে ও আর তরমুজ খেল না। আমাকে বললো আমি যেন ওর জন্য কয়েক কেজি কুল (প্লাম্ব) নিয়ে আসি। আমি ওসব নিয়ে এসে দেখি টুকটাক কিছু কাজ সেরে ও মস্কো চলে গেছে কুকুররা কেমন আছে সেটা দেখতে। আমার তো মাথায় হাত। সেভা কুল খুব একটা খায় না তাই ওর জন্য আবার কেজি দুই আঙ্গুর নিয়ে এসেছি। কি করি আমি এসব নিয়ে। কিছু কুল আর আঙ্গুর ধুয়ে অফিসে নিয়ে গেলাম আর ভাবলাম, যাক, রাতে বাকি তরমুজটা খেয়ে ফেলবো, বিপদ ঘুচবে। সন্ধ্যায় বাসায় ফিরে অন্য ফ্রিজটা খুলে আমার তো চোখ চড়কগাছ। ওখানে প্রায় কেজি তিনেকের এক তরমুজের টুকরা। এরপর শুরু হোল পালা করে কুল আর তরমুজ খাওয়া। তরমুজের শেষ টুকরা শেষ হোল শুক্রবার সকালে আর এক প্যাকেট কুল নিয়ে গেলাম মস্কোয়। তরমুজ নিয়ে এতো ঝামেলায় পড়েছিলাম যে ঘটা করে ওর আর ছবি তোলা হোল না।       

দুবনা, ০১ অক্টোবর ২০১৭        


       

Tuesday, September 19, 2017

বোকার গল্প


উইক-এন্ডে আমি যখন মস্কো যাই, সবসময় বাসায় একগাদা কাজ জড় হয়ে থাকে। তা বাল্ব অন্ধ হোক, টিভি বা কম্পিউটারের সর্দি কাশি হোক অথবা জলের ট্যাপের কষা হোক। এমন কি যদি ঝাড়ু বা মপের ছোটখাটো ব্যাধি হয়, ওরাও আমার কবিরাজি ওষুধের অপেক্ষায় থাকে। বউ ছেলেমেয়েদের কথা নাই বা বললাম!
রোববার রাতে বাসায় ঢুকতেই বউ বললো
-    মপগুলো নষ্ট হয়ে গেছে। ও গুলো ঠিক করে দিও তো।
সোমবার সকালে ক্লাস। তাই বললাম
-    কাল ক্লাস থেকে এসে দেখবো।
সোমবার তিনটে মপ আমার হাতে ধরিয়ে দিয়ে বউ বললো ওগুলো ঠিক করতে। দুটোয় শুধুই প্যাড বদলানোর দরকার ছিল, তাও আবার একটা থেকে খুলে অন্যটায় লাগানো। আর তৃতীয়টা কিছু পার্টস খুলে ফেলে দেয়া। প্রথম দুটো ঠিক করার পর যখন তৃতীয়টার স্ক্রু খুলতে বসেছি, বউ বললো
-    ওতে জং ধরে গেছে। এতো ঝামেলা করার কি দরকার। শিকগুলো বাঁকা করে খুলে ফেল। আমি তো অসব ফেলেই দেব।
-    ওটা যেকোনো বোকাই করতে পারে (Любой дурак так может)। তুমি প্লায়ারস দিয়ে ওদিকটা ধর, আমি স্ক্রু খুলছি।
কপাল খারাপ। স্ক্রু ড্রাইভার ফস্কে ঢুকে গেল বা হাঁতে। বউ তো মহা ব্যস্ত। ডেটল দিয়ে ধুয়ে প্লাস্টার দিয়ে ব্যান্ডেজ করে দিল আঙ্গুলটা। ব্যথা যে পাইনি তা নয়, তবে এর ফলে এর পরে আরও এক গাদা কাজের থেকে ছুটি মিলে গেল আর আমি মনে মনে ভাবলাম বোকাটা কে? আর মনে পড়লো ছোট বেলার সেই গল্প – “বোকার গু তিন জায়গায় লাগে”। যারা জানেন না তাদের জন্য।

এক বোকা বসেছে প্রস্রাব করতে। আর বসেই দিয়েছে বিশাল এক পাদ। আর ভাবছে  “হেগে দিলাম না তো? দেখতে হয়তো ব্যাপারটা।” যে কথা সেই কাজ। পেছনে হাত দিয়ে দেখে কি যেন একটু তরল জিনিষ আঙ্গুলে লাগলো। তারপরও কূলকিনারা না করতে পেরে হাত নিল নাকের কাছে আর যথারীতি নাকেও লাগালো সেই অজানা বস্তুটা। গন্ধ শুকেও যখন কোন সিদ্ধান্তে আসতে পারল না, বোকা তখন শেষ চেষ্টা হিসেবে আঙ্গুল চুষতে লাগলো।

এতো কিছুর পর বোকা ঐ তরল পদার্থ সম্পর্কে কোন সিদ্ধান্তে আসতে পেরেছিল কিনা, সে ব্যাপারে ইতিহাস একেবারেই নীরব। অপ্রয়োজনীয় জিনিষ এর পর থেকে আমি এমনিতেই ফেলে দেব, নাকি অর উপর পরীক্ষা নিরীক্ষা চালাবো, এটাও শুধু ভবিষ্যৎই জানে।    

দুবনা, ১৯ সেপ্টেম্বর ২০১৭