Tuesday, October 27, 2026

ঐক্য অনৈক্য

প্রযুক্তির কল্যাণে আজ আমরা সহজেই একে অন্যের সাথে যোগাযোগ করতে পারি। ফলে এখন প্রত্যেকেই বিভিন্ন গ্রুপের সাথে জড়িত। এখানে আছে স্কুল বা কলেজের গ্রুপ, আছে ভার্সিটি ও পেশাজীবীদের গ্রুপ। যারা রাজনীতির সাথে জড়িত তাদের নিজেদের গ্রুপ। সাবেক ছাত্র ইউনিয়ন নেতা কর্মীদের আছে এমন এক গ্রুপ। এসব গ্রুপের অভিজ্ঞতা বলে অতীত যত ঐক্যবদ্ধ বর্তমান তত বিচ্ছিন্ন। আর
যারা আজ সিপিবির বাইরে সিপিবি তাদের ঐক্যবদ্ধ করেছে, আর যারা ভেতরে সিপিবি তাদের করেছে বিভক্ত। অন্তত নেতৃত্বের পর্যায়ে। আমরা প্রায়ই বলি শেখ মুজিবের আওয়ামী লীগ আর বর্তমান আওয়ামী লীগ এক না। অবস্থাদৃষ্টে মনে হয় মনি সিংহ - কমরেড ফরহাদের সিপিবি আর আজকের সিপিবি এক নয়। অথচ আদর্শ ভিত্তিক দলের এমনটা হবার কথা ছিল না। 

দুবনা, ২৭ অক্টোবর ২০২৬

Monday, October 26, 2026

অকারণে

পদার্থ বিজ্ঞানে কার্যকারণ সম্পর্ক বলে একটা কথা আছে। মানে সব কাজের পেছনে কোন কারণ থাকে। যেমন সুইচ অন করলে আলো জ্বলে, উল্টোটা নয়। কিন্তু রাজনীতিতে এই নিয়ম প্রায়ই ভাঙা হয়। অকারণে কাউকে গ্রেফতার করার পরে সরকার কারণ খুঁজতে শুরু করে। এতে সাময়িক সুবিধা পাওয়া গেলেও প্রকৃতি বিরুদ্ধ বিধায় একদিন সুদে আসলে মাশুল দিতে হয়। দীপক শীল সহ সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি না দেয়া প্রকৃতি বিরুদ্ধ।

মস্কো, ২৬ অক্টোবর ২০২৬

Sunday, October 25, 2026

প্রশ্ন

বীর মুক্তিযোদ্ধা, সাঈদীর বিরুদ্ধে সাক্ষী দেয়া মানিক পশারী মারা গেছেন। যে দেশের জন্য অস্ত্র হাতে লড়াই করলেন, স্বাধীনতা আনলেন সেই স্বাধীন দেশে তিনি বীরের বেশে মরতে পারলেন না। যে সমস্ত কমরেডরা এখনও জুলাই বিপ্লবী বলে গর্বিত হয় তাদের কাছে প্রশ্ন - দেশের মাটিতে মুক্তিযোদ্ধাদের অপমান করার জন্যই কি আপনারা চব্বিশে লড়াই করেছিলেন? যে সব কমরেড মুক্তিযোদ্ধা ছিলেন তারাই বা এসব ব্যাপারে কি ভাবছেন? নাকি আপনাদের মতে কিছু কিছু মুক্তিযোদ্ধা একটু বেশি রকমের সমান? তাহলে সাম্যের রাজনীতি কি শুধু মুখোস? 

মস্কো, ২৬ অক্টোবর ২০২৬

মোরগ

অবস্থাদৃষ্টে মনে হয় শান্তির উৎসবে ইউরোপ নিজেকে খুঁজে পাচ্ছে না। তারা এখন নিজেদের মধ্য থেকে এমন কাউকে খুঁজছে যে তাদের প্রতিনিধি হিসেবে রাশিয়ার জন্য গ্রহণযোগ্য হবে। এটা আমাকে সুকান্ত ভট্টাচার্যের সেই বিখ্যাত কবিতা মনে করিয়ে দেয় 
ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে 
প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। 

আশা করি এখনও সময় আছে যখন ইউরোপ খাবার হিসেবে আসবে না, আসবে খাবার খেতে।

দুবনা, ২৫ অক্টোবর ২০২৬

Saturday, October 24, 2026

ডুয়ালিটি

শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ অচল, শুধু মগজ এখনও বেঁচে আছে কষ্ট অনুভব করার জন্য। 

শরীরে তেজ উপচে পড়ছে কিন্তু মস্তিষ্ক অনুভূতিহীন।

দুটো সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থান হলেও ব্যক্তি মানুষ বা রাষ্ট্রের জন্য ফলাফল এক ও অভিন্ন। সার্বিক পরিস্থিতির বিবেচনায় মনে হয় পৃথিবীর বিভিন্ন দেশ বর্তমানে পর্যায়ক্রমে এই দুটো অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে - অনেকটা ওয়েভ পার্টিকল বা তরঙ্গ-কণা ডুয়ালিটির মত।‌

দুবনা, ২৪ অক্টোবর ২০২৬

Wednesday, October 21, 2026

ভাবনা

রুশ পররাষ্ট্রমন্ত্রী সেরগেই লাভরভ বলেছেন যে ইউক্রেনের লড়াই এটা আমাদের (রাশিয়ার) লড়াই, এই লড়াইয়ে জিততে হলে আমাদেরকেই জিততে হবে, কারও উপর ভরসা করলে চলবে না। বিভিন্ন প্রস্তাব আসছে। তবে সেসবে আমাদের স্বার্থ বিবেচনায় নিলেই শুধু তা বাস্তবায়ন সম্ভব। 

এর বিপরীতে বলা যায় যে ইউক্রেন যুদ্ধ করছে অন্যের (ইউরোপ আমেরিকার) অর্থে, অন্যের অস্ত্র দিয়ে, পক্ষান্তরে ইউরোপ যুদ্ধ করছে ইউক্রেনের মাটিতে ইউক্রেনের মানুষ দিয়ে। অনেকটা কয়েক বছর আগে তৃতীয় বিশ্বের দেশে দেশে শিল্পায়নের মত - ইউরোপ আমেরিকার অর্থ ও যন্ত্রপাতি, তৃতীয় বিশ্বের মাটি ও মানুষ অর্থাৎ স্বল্প বেতনের শ্রমিক। উৎপন্ন পণ্য উন্নত বিশ্বের, পরিবেশ দূষণের বিনিময়ে সাধারণ মানুষের রুটি রুজি তৃতীয় বিশ্বের মানুষের। এই ফর্মুলায় শিল্পায়ন করা যায় কিন্তু যুদ্ধ জয় করা যায় না। কারণ ভাগের মা গঙ্গা পায় না। তাছাড়া শিল্পায়নে মানুষ লড়াই করে বাঁচার জন্য, জীবনের জন্য, যুদ্ধে ইউক্রেন লড়াই করছে মরার জন্য। ইউরোপের স্লোগান কিন্তু ইউক্রেনের শেষ মানুষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়া। মানে তারা মুখে যাই বলুক ইউক্রেনের জীবিত মানুষ তাদের দরকার নেই।

দুবনা, ২২ অক্টোবর ২০২৬

Tuesday, October 20, 2026

লোক চেনার ফর্মুলা

আজ মস্কোয় আমার মেডিক্যাল চেক আপ। বছরে একবার। মাস্ট। দুবনায় আরেক বার। চেক আপ মানেই অনেক ডাক্তার দেখানো। লাইন ধরা আর এক ডাক্তার থেকে অন্য ডাক্তারের কাছে যাওয়া। আমি যেহেতু মানুষের চেহারা মনে রাখতে পারি না, তাই বারবার লাইন হারিয়ে ফেলি আর নতুন করে লাইন ধরি। কতবার ভেবেছি, লাইন ধরে যার পেছনে দাঁড়াই তার সাথে একটা সেলফি তুলে রাখব। প্রথমত সেটা করতে ভুলে যাই আর মনে থাকলেও সেলফি তোলার অজুহাত খুঁজে পাই না। আজ এক ছেলে ডাক্তারের কাছ থেকে বেরুলে বললাম আমি ওর পেছনে ছিলাম। অন্যেরা রাজি ছিল। তবে ঐ ছেলে বলল আমাকে দেখে নাই। ডাহা মিথ্যা। তবে আংশিক সত্য। আমি ওর পেছনে দাঁড়িয়েছিলাম ব্লাড দেবার সময়। ও এখন বেরুল সাইকাট্রিস্টকে দেখিয়ে। তবে এটা আমি বুঝলাম বেশ পরে। আমি যে ছেলেটার পেছনে দাঁড়িয়েছিলাম সেও ছিল আফ্রিকা থেকে, তবে ওর গায়ে ছিল কালো জামা ও কম বয়সী। এই ছেলে আফ্রিকার হলেও বয়স্ক আর সবুজ টিশার্ট পরা। লোক চেনার নতুন ফর্মুলা খুঁজতে হবে।‌

মস্কো, ২০ অক্টোবর ২০২৬

Sunday, October 18, 2026

রাজা

কেউ যখন মদ, গাঁজা, নারকোটিক্সে আসক্ত হয়ে নিয়ন্ত্রণহীন বেপরোয়া জীবন যাপন করে, পতিতালয় যখন তার দ্বিতীয় বাড়ি এমতাবস্থায় সে যদি এইডস রোগে আক্রান্ত হয় তবে এ জন্য কেউ মদ গাঁজা বা পতিতালয়কে দায়ী করে না, দায়ী করে সেই লোককে, তার জীবনযাত্রাকে। একই ভাবে রবীন্দ্রনাথের মুখে কালি মাখানো বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় চত্বরে গরু হত্যা এসবের দায় কোন মেয়ে বা কিছু ছাত্রের নয়, এর দায় সমাজের প্রতিটি সদস্যের, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের, রাষ্ট্রের নিজের। রাষ্ট্রের এক নাগরিককে আঘাত করে অন্য নাগরিক আসলে সমাজ আর রাষ্ট্রের প্রতিই চ্যালেঞ্জ ছুড়ে দেয়।‌ কারণ কাউকে শাস্তি দেওয়ার একমাত্র অধিকারী রাষ্ট্র। সরকার ও প্রশাসন যখন এসব ঘটনা প্রতিহত করতে ব্যর্থ হয়, যারা এসব ঘটায় তাদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়, তখন সরকার ও প্রশাসন আসলে নিজেদের অস্তিত্বকে প্রশ্নের সম্মুখীন করে। কারণ ব্যর্থ রাষ্ট্রে এসব প্রতিষ্ঠান ভেন্না বনে খাটাশ রাজার মতই নখদন্তহীন।

মস্কোর পথে, ১৮ অক্টোবর ২০২৬

Friday, October 16, 2026

মুল্লুক

মার্কিন মুলুকে একটি কথা প্রচলিত ছিল বলে শুনেছি - যদি এক ডলার চুরি কর তবে তুমি চোর, মিলিয়ন ডলার চুরি করলে শিল্পপতি। আজকের বাংলাদেশে মনে হয় অনুরূপ কিছু বলা যায় - যদি একা খুন করে তবে তুমি খুনি আর যদি দল বেঁধে মব করে খুন করে তবে তোমরা ধর্ম রক্ষক বা দেশপ্রেমিক।

দুবনা, ১৬ অক্টোবর ২০২৬

Tuesday, October 13, 2026

যুদ্ধ কথা

দেশ থেকে কেউ ফোন করলে সবার আগে যে জিনিসটা জানতে চায় তা হল যুদ্ধ কবে থামবে। বলি আপাতত সেরকম কোন সম্ভাবনা নেই। কারণ যুদ্ধ শান্তি এসব রাজনৈতিক ব্যাপার। রাজনীতিবিদরা এসব ব্যাপারে সিদ্ধান্ত নেয়। ইউরোপের অনেক দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যত না রাজনীতির তারচেয়ে বেশি ফাইনান্সের মানুষ।এরা আবার ব্ল্যাক রক, রকফেলার, রথসচাইল্ড, সোরস - এদের পোষা পাখি। তাই দেশের মানুষের চেয়ে মাল্টিন্যাশনাল কোম্পানির লাভ লোকসান তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আর যদি ছোট ছোট দেশের নেতাদের কথা বলি তাহলে তারা চলে ইউরোপের বড় দেশের দানের টাকায় আর নিজেদের প্রাসঙ্গিক করার জন্য কারণে অকারণে শোরগোল শুরু করে। এদের না আছে প্রাকৃতিক সম্পদ, না আছে জনবল, না আছে শিল্প বাণিজ্য। এরা সর্বহারা। আর সর্বহারার হারানোর কিছু নেই শেকল ছাড়া। এদের শেকল এদের স্বাধীনতা। না হলে সোভিয়েত ইউনিয়ন থেকে মুক্তি পেতে না পেতেই আমেরিকার গলায় মালা পরাবে কেন?

দুবনা, ১৩ অক্টোবর ২০২৬

Monday, October 12, 2026

জানতে ইচ্ছে করে

গতকাল এক ভিডিও দেখলাম যেখানে সলিমুল্লাহ খান রবীন্দ্রনাথ ঠাকুরের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করার নিজের অভিযোগের সাফাই গাইছে ভিন্ন ভাবে। তার ভাষ্য অনুযায়ী যেহেতু রবীন্দ্রনাথ এই বিশ্ববিদ্যালয় স্থাপনের স্বপক্ষে বিবৃতি দেননি তাই সেটাকে বিরুদ্ধাচরণ বলা যায়। মৌনতা এখানে অসম্মতি। আরেকটা যুক্তি হল রবীন্দ্রনাথ তখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অনুদান খুঁজছিলেন। তাই প্রকাশ্যে না হলেও মনে মনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা তিনি করতেই পারতেন। এটা জ্ঞানের পরিচয় নয়। বাংলাদেশের মানুষ একে বলে ঘাউরামি। 
জানতে ইচ্ছে করে সলিমুল্লাহ খান নিজে না পারলেও তার পিতা বা পিতামহ-মাতামহ এদের কেউ কি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপক্ষে কোন বক্তব্য বিবৃতি দিয়েছিল, দিলে কোন বই বা পত্রিকায় সেটা ছাপা হয়েছিল।

মস্কো, ১২ অক্টোবর ২০২৬

Sunday, October 4, 2026

হালাল হারাম

অবস্থাদৃষ্টে মনে হয় বাংলাদেশের সবকিছু হালাল ও হারাম এই দুই ক্যাটাগরিতে বিভক্ত। তবে কোন লিস্টে কে থাকবে সেটা নির্ভর করে কখন কোন দল সরকার গঠন করেছে তার উপর। যে মানুষ, যে দল, যে বই এক আমলে হালাল ছিল অন্য আমলে তারাই হারাম হয়ে যায়। সেই অর্থে দেশ মূলতঃ দলীয় ধর্মীয় শাসনে পরিচালিত। দলীয় গুন্ডা বাহিনী আর মব হচ্ছে ধর্মীয় পুলিশ বাহিনী। 

মস্কোর পথে, ০৪ অক্টোবর ২০২৬

Saturday, October 3, 2026

প্রশ্ন

একটা বহুল প্রচলিত বিশ্বাস আছে যে সমস্ত দুর্ভোগের মূল হল অজ্ঞতা। কিন্তু জ্ঞান কি শুধুই পুঁথিতে লেখা বিদ্যা? পৃথিবীর সব জ্ঞান, সব বিদ্যা কি পুঁথি বা নথি বদ্ধ? প্রতিটি মানুষ কোন না কোনভাবে একমেবাদ্বিতীয়ম। প্রতিটি মানুষ নিজের নিজের পথে চলে, একান্ত নিজস্ব অভিজ্ঞতা অর্জন করে। এমনকি দুই জন ফটোগ্রাফার একই স্টুডিওতে একই আলো ব্যবহার করে ছবি তুললেও সেগুলো ভিন্ন হয়। এখানে আবেগ, দৃষ্টিভঙ্গি অনেক কিছুই কাজ করে। দুর্ভোগের মূলে বেশিরভাগ সময় থাকে তথাকথিত শিক্ষিত লোকদের ম্যানিপুলেশন। 

দুবনা, ০৩ অক্টোবর ২০২৬

Friday, October 2, 2026

উপলব্ধি

মাঝেমধ্যে আমার মনে হয় বাংলাদেশ পিতৃহীন মাতৃহারা এক তরুণী যাকে সবাই পেতে চায় কিন্তু কেউ তার দায়িত্ব নিতে, তার ঘর গোছাতে চায় না। একথা দেশের প্রায় সব রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে সব রাজনৈতিক দল পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার যোগ্য প্রতিনিধি।

দুবনা, ০১ অক্টোবর ২০২৬