Tuesday, October 20, 2026

লোক চেনার ফর্মুলা

আজ মস্কোয় আমার মেডিক্যাল চেক আপ। বছরে একবার। মাস্ট। দুবনায় আরেক বার। চেক আপ মানেই অনেক ডাক্তার দেখানো। লাইন ধরা আর এক ডাক্তার থেকে অন্য ডাক্তারের কাছে যাওয়া। আমি যেহেতু মানুষের চেহারা মনে রাখতে পারি না, তাই বারবার লাইন হারিয়ে ফেলি আর নতুন করে লাইন ধরি। কতবার ভেবেছি, লাইন ধরে যার পেছনে দাঁড়াই তার সাথে একটা সেলফি তুলে রাখব। প্রথমত সেটা করতে ভুলে যাই আর মনে থাকলেও সেলফি তোলার অজুহাত খুঁজে পাই না। আজ এক ছেলে ডাক্তারের কাছ থেকে বেরুলে বললাম আমি ওর পেছনে ছিলাম। অন্যেরা রাজি ছিল। তবে ঐ ছেলে বলল আমাকে দেখে নাই। ডাহা মিথ্যা। তবে আংশিক সত্য। আমি ওর পেছনে দাঁড়িয়েছিলাম ব্লাড দেবার সময়। ও এখন বেরুল সাইকাট্রিস্টকে দেখিয়ে। তবে এটা আমি বুঝলাম বেশ পরে। আমি যে ছেলেটার পেছনে দাঁড়িয়েছিলাম সেও ছিল আফ্রিকা থেকে, তবে ওর গায়ে ছিল কালো জামা ও কম বয়সী। এই ছেলে আফ্রিকার হলেও বয়স্ক আর সবুজ টিশার্ট পরা। লোক চেনার নতুন ফর্মুলা খুঁজতে হবে।‌

মস্কো, ২০ অক্টোবর ২০২৬

No comments:

Post a Comment