Sunday, October 18, 2026

রাজা

কেউ যখন মদ, গাঁজা, নারকোটিক্সে আসক্ত হয়ে নিয়ন্ত্রণহীন বেপরোয়া জীবন যাপন করে, পতিতালয় যখন তার দ্বিতীয় বাড়ি এমতাবস্থায় সে যদি এইডস রোগে আক্রান্ত হয় তবে এ জন্য কেউ মদ গাঁজা বা পতিতালয়কে দায়ী করে না, দায়ী করে সেই লোককে, তার জীবনযাত্রাকে। একই ভাবে রবীন্দ্রনাথের মুখে কালি মাখানো বা জগন্নাথ বিশ্ববিদ্যালয় চত্বরে গরু হত্যা এসবের দায় কোন মেয়ে বা কিছু ছাত্রের নয়, এর দায় সমাজের প্রতিটি সদস্যের, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের, রাষ্ট্রের নিজের। রাষ্ট্রের এক নাগরিককে আঘাত করে অন্য নাগরিক আসলে সমাজ আর রাষ্ট্রের প্রতিই চ্যালেঞ্জ ছুড়ে দেয়।‌ কারণ কাউকে শাস্তি দেওয়ার একমাত্র অধিকারী রাষ্ট্র। সরকার ও প্রশাসন যখন এসব ঘটনা প্রতিহত করতে ব্যর্থ হয়, যারা এসব ঘটায় তাদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়, তখন সরকার ও প্রশাসন আসলে নিজেদের অস্তিত্বকে প্রশ্নের সম্মুখীন করে। কারণ ব্যর্থ রাষ্ট্রে এসব প্রতিষ্ঠান ভেন্না বনে খাটাশ রাজার মতই নখদন্তহীন।

মস্কোর পথে, ১৮ অক্টোবর ২০২৬

Friday, October 16, 2026

মুল্লুক

মার্কিন মুলুকে একটি কথা প্রচলিত ছিল বলে শুনেছি - যদি এক ডলার চুরি কর তবে তুমি চোর, মিলিয়ন ডলার চুরি করলে শিল্পপতি। আজকের বাংলাদেশে মনে হয় অনুরূপ কিছু বলা যায় - যদি একা খুন করে তবে তুমি খুনি আর যদি দল বেঁধে মব করে খুন করে তবে তোমরা ধর্ম রক্ষক বা দেশপ্রেমিক।

দুবনা, ১৬ অক্টোবর ২০২৬

Tuesday, October 13, 2026

যুদ্ধ কথা

দেশ থেকে কেউ ফোন করলে সবার আগে যে জিনিসটা জানতে চায় তা হল যুদ্ধ কবে থামবে। বলি আপাতত সেরকম কোন সম্ভাবনা নেই। কারণ যুদ্ধ শান্তি এসব রাজনৈতিক ব্যাপার। রাজনীতিবিদরা এসব ব্যাপারে সিদ্ধান্ত নেয়। ইউরোপের অনেক দেশের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যত না রাজনীতির তারচেয়ে বেশি ফাইনান্সের মানুষ।এরা আবার ব্ল্যাক রক, রকফেলার, রথসচাইল্ড, সোরস - এদের পোষা পাখি। তাই দেশের মানুষের চেয়ে মাল্টিন্যাশনাল কোম্পানির লাভ লোকসান তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। আর যদি ছোট ছোট দেশের নেতাদের কথা বলি তাহলে তারা চলে ইউরোপের বড় দেশের দানের টাকায় আর নিজেদের প্রাসঙ্গিক করার জন্য কারণে অকারণে শোরগোল শুরু করে। এদের না আছে প্রাকৃতিক সম্পদ, না আছে জনবল, না আছে শিল্প বাণিজ্য। এরা সর্বহারা। আর সর্বহারার হারানোর কিছু নেই শেকল ছাড়া। এদের শেকল এদের স্বাধীনতা। না হলে সোভিয়েত ইউনিয়ন থেকে মুক্তি পেতে না পেতেই আমেরিকার গলায় মালা পরাবে কেন?

দুবনা, ১৩ অক্টোবর ২০২৬

Monday, October 12, 2026

জানতে ইচ্ছে করে

গতকাল এক ভিডিও দেখলাম যেখানে সলিমুল্লাহ খান রবীন্দ্রনাথ ঠাকুরের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করার নিজের অভিযোগের সাফাই গাইছে ভিন্ন ভাবে। তার ভাষ্য অনুযায়ী যেহেতু রবীন্দ্রনাথ এই বিশ্ববিদ্যালয় স্থাপনের স্বপক্ষে বিবৃতি দেননি তাই সেটাকে বিরুদ্ধাচরণ বলা যায়। মৌনতা এখানে অসম্মতি। আরেকটা যুক্তি হল রবীন্দ্রনাথ তখন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অনুদান খুঁজছিলেন। তাই প্রকাশ্যে না হলেও মনে মনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা তিনি করতেই পারতেন। এটা জ্ঞানের পরিচয় নয়। বাংলাদেশের মানুষ একে বলে ঘাউরামি। 
জানতে ইচ্ছে করে সলিমুল্লাহ খান নিজে না পারলেও তার পিতা বা পিতামহ-মাতামহ এদের কেউ কি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপক্ষে কোন বক্তব্য বিবৃতি দিয়েছিল, দিলে কোন বই বা পত্রিকায় সেটা ছাপা হয়েছিল।

মস্কো, ১২ অক্টোবর ২০২৬

Sunday, October 4, 2026

হালাল হারাম

অবস্থাদৃষ্টে মনে হয় বাংলাদেশের সবকিছু হালাল ও হারাম এই দুই ক্যাটাগরিতে বিভক্ত। তবে কোন লিস্টে কে থাকবে সেটা নির্ভর করে কখন কোন দল সরকার গঠন করেছে তার উপর। যে মানুষ, যে দল, যে বই এক আমলে হালাল ছিল অন্য আমলে তারাই হারাম হয়ে যায়। সেই অর্থে দেশ মূলতঃ দলীয় ধর্মীয় শাসনে পরিচালিত। দলীয় গুন্ডা বাহিনী আর মব হচ্ছে ধর্মীয় পুলিশ বাহিনী। 

মস্কোর পথে, ০৪ অক্টোবর ২০২৬

Saturday, October 3, 2026

প্রশ্ন

একটা বহুল প্রচলিত বিশ্বাস আছে যে সমস্ত দুর্ভোগের মূল হল অজ্ঞতা। কিন্তু জ্ঞান কি শুধুই পুঁথিতে লেখা বিদ্যা? পৃথিবীর সব জ্ঞান, সব বিদ্যা কি পুঁথি বা নথি বদ্ধ? প্রতিটি মানুষ কোন না কোনভাবে একমেবাদ্বিতীয়ম। প্রতিটি মানুষ নিজের নিজের পথে চলে, একান্ত নিজস্ব অভিজ্ঞতা অর্জন করে। এমনকি দুই জন ফটোগ্রাফার একই স্টুডিওতে একই আলো ব্যবহার করে ছবি তুললেও সেগুলো ভিন্ন হয়। এখানে আবেগ, দৃষ্টিভঙ্গি অনেক কিছুই কাজ করে। দুর্ভোগের মূলে বেশিরভাগ সময় থাকে তথাকথিত শিক্ষিত লোকদের ম্যানিপুলেশন। 

দুবনা, ০৩ অক্টোবর ২০২৬

Friday, October 2, 2026

উপলব্ধি

মাঝেমধ্যে আমার মনে হয় বাংলাদেশ পিতৃহীন মাতৃহারা এক তরুণী যাকে সবাই পেতে চায় কিন্তু কেউ তার দায়িত্ব নিতে, তার ঘর গোছাতে চায় না। একথা দেশের প্রায় সব রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রযোজ্য। এখানে সব রাজনৈতিক দল পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার যোগ্য প্রতিনিধি।

দুবনা, ০১ অক্টোবর ২০২৬