Friday, May 8, 2026

এবারের রবি ভাবনা

ধার্মিক আর নাস্তিক ঈশ্বরের অস্তিত্ব থাকা বা না থাকা নিয়ে বিশ্বাসের উপর নির্ভরশীল। অবিশ্বাস যত যুক্তির উপরেই দাঁড়িয়ে থাকুক না কেন সেটাও বিশ্বাস। কারণ ঠিক যেভাবে ধার্মিক ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে, ঠিক একই ভাবে নাস্তিক তাঁর অস্তিত্বে অবিশ্বাস করে। সেদিক থেকে যারা রবীন্দ্র প্রেমী ও রবীন্দ্র বিরোধী তাদের সমস্যা আরও গভীর। কারণ ভক্তদের মনে রবীন্দ্রনাথ যত উঁচু আসনেই বসে থাকুন না কেন দিনের শেষে তিনি মানুষ যদিও অসামান্য প্রতিভার অধিকারী। আর রবীন্দ্র বিরোধীরা চাক বা না চাক, তাঁর অস্তিত্ব অস্বীকার করতে পারে না। রবীন্দ্রনাথের প্রতিভা, তাঁর অসাধারণত্ব অস্বীকার করতে হলে সেটা তাঁর অস্তিত্বকে স্বীকার করেই করতে হয়। সেই বিবেচনায় নাস্তিকরা রবীন্দ্র বিরোধীদের চেয়ে সুবিধাজনক অবস্থানে আছে। রবীন্দ্রনাথকে নিয়ে যারা অতিরিক্ত মাতামাতি করে - তা সে তাঁকে ভক্তি করেই হোক বা তাঁকে ঘৃণা করেই হোক, তাদের বাইরেও বিশাল এক দল মানুষ আছে যারা লেখক, কবি, সুরকার রবীন্দ্রনাথকে ভালবাসে, ধারণ করে, সুখে দুঃখে, হরষে বিষাদে তাঁর কাছে আশ্রয় নেয়, তাঁকে পাশে নিয়ে চলে। এদের মধ্যেই রবীন্দ্রনাথ বেঁচে থাকেন যুগ যুগান্তর। শুধু জন্মদিনেই নয় এদের কাছে তিনি ফিরে আসেন দিন দিন প্রতিদিন!

দুবনা, ০৮ মে ২০২৬

No comments:

Post a Comment