Monday, September 18, 2017

বাধা





একদা আমি ফিরছি যখন দেশে
কাস্টমসের রাগী অফিসার
বললো আমায় বাঁকা বাঁকা হেসে
এবার আর পাবেন না কো পাড়।  
তাই বলি কি নিজে থেকেই বলুন
কি এনেছেন অবৈধ মালামাল
আমি বলি আরে মশাই শুনুন
মুক্তচিন্তা, মুক্তবুদ্ধি সঙ্গে আছে কঠিন গালাগাল।

দুবনা, ১৯ সেপ্টেম্বর ২০১৭ 




Wednesday, September 13, 2017

সাত নম্বরের বুফে


অনেক দিন পরে সাত নম্বর ব্লকের বুফের কথা মনে পড়লো। মাঝেমধ্যেই বুফের মহিলারা ছাত্রদের রুমে যেত রেইডে। কারণ ছাত্ররা প্রায়ই খাবার নিয়ে ঘরে চলে যেত, আর ভুলে যেত প্লেট গ্লাস এসব ফেরত দিতে। যখন বুফেতে প্লেট গ্লাসের সংখ্যা ক্রিটিক্যাল পয়েন্ট পেরিয়ে যেত, ওরা যেত রেইডে, আর যার ঘর খোলা পেত ঐ ঘরের সব প্লেট গ্লাস নিয়ে যেত, দেখত না ওটা ছাত্রদের নিজেদের না বুফের।   
আমিও কয়েকদিন কিচেনে প্লেট গ্লাস চামচ এসব খুঁজে পাচ্ছিলাম না। তাই সেই সোভিয়েত কায়দায় সেভার ঘরে রেইড করে ওসব উদ্ধার করলাম।
কে বলে সোভিয়েত দেশ আমাদের কিছুই শেখায়নি?

দুবনা, ১৩ সেপ্টেম্বর ২০১৭  


 

Tuesday, September 12, 2017

চুক্তির বিড়ম্বনা




-       পাপ, তুমি একটু ভালো করে প্লেটগুলো ধুতে পারো না?
বলেই সেভা প্লেটের কানায় লেগে থাকা চর্বির ছাপ দেখালো।
-       তোকে না বলেছি, খাওয়া শেষ হলে প্লেটটা বেসিনে রেখে গরম জল ঢালতে? করিস না বলেই পরে আমি ঠিক মত ধুতে পারি না।
-       তুমি আসলে দায়সারা ভাবে ওটা কর।

ভাবছি বলবো “পছন্দ না হলে নিজে ধুলেই তো পারিস।“ মনে পড়ে গেলো চুক্তির কথা। আমাদের দুজনের সংসারে সেভা ঝাড়ুদার আর আমি বুয়া কাম বাবুর্চি। তাই সেভার কথাটা চুপচাপ গিলে নতুন করে প্লেট ধুয়ে দেখালাম ঠিক আছে কি না।
দুবনা, ১২ সেপ্টেম্বর ২০১৭ 


Sunday, September 3, 2017

বৈরাগ্য




আজ দুপুরে দোকানে যাচ্ছি সেভার জন্য জুতো কিনতে।
-       পাপ, সম্পত্তি অন্যদের দান করা যায়?
আমার অবাক হবার পালা।
-       কেন, কী হোল আবার?
-       এমনিতেই জানতে চাইছিলাম।
-       যাবে না কেন, যায়। তবে তার আগে সম্পত্তি থাকতে হয়, সম্পত্তির মালিক হতে হয়।
-       মানে আমাদের ফ্ল্যাটের আমার অংশটুকু আমি দিয়ে দিতে পারব কাউকে?
-       পারবি। তবে তার আগে নিজের মাথা গোজার একটা জায়গা তো করা দরকার। 
-       আমি এমনিতেই জেনে রাখলাম। তাছাড়া আমি তো এই সম্পত্তিটা ডিসারভ করি না।
-       কে বলল তোকে?
-       কে বলবে? আমি তো কিছুই করিনি।
-       ছেলেমেয়েরা যখন জন্মায়, সেই সুত্রেই ওরা বাবামার সম্পত্তির মালিক হয়।
-       তারপরেও  আমার ইচ্ছে নেই কারো ঘাড়ে বসে খেতে।
-       ঘাড়ে বসে খাবার কি আছে? তুই ঠিক মত পড়াশুনা কর। এখন ওটাই তোর কাজ। ঐ কাজটা ঠিক মত করলেই সব ডিসারভ করবি।  
-       তারপরেও আমি নিজেই নিজেরটা করতে চাই।
-       খুব ভালো তো। যতদিন না পারিস এভাবেই চল।
-       কোন লাইনে খুব তাড়াতাড়ি কাজ পাওয়া যায়?   
-       কোন লাইন নেই। এই দেখ, মিলিয়ন মিলিয়ন লোক ফুটবল খেলে, একজন হয় রোনাল্ডো না মেসি। তাই সমস্যা ওখানে নয়। যে বিষয়েই পড়িস না কেন, যদি ভালো করতে পারিস, নাম করতে পারিস – তখন তোকে চাকরী খুঁজতে হবে না, চাকরীই তোকে খুঁজবে। তাই বলি কি, যদি সত্যি সত্যি নিজের পায়ে দাঁড়াতে চাস, ভালোভাবে নিজের কাজটা কর, ভালোভাবে পড়াশুনা কর। তাহলে বাকি সব এমনিতেই আসবে।
দুবনা, ০৩ সেপ্টেম্বর ২০১৭  


Saturday, September 2, 2017

পারস্পারিক বোঝাপড়া


- এই গরু, আজ আমাদের ঈদ, তোকে কোরবানি দেই?
- কিন্তু তাতে আমার কি লাভ?
- এই নে বেহেস্তের টিকেট। তোর বেহেস্ত, আমার ঈদ। রাজী?
- ওখানে আমার জন্য হুরপরী থাকবে?
- শ'য়ে শ'য়ে।
- তাহলে রাজী। (মনে মনে - আমি হুরপরী দিয়ে কী করবো? ওরাও তো সামনের ইদে আমাকে আবার কোরবানি দেবে। এ যে দেখছি চেয়ার খেলা। কিন্তু আমার তো আর অপশন নেই। গণতন্ত্র!)

দুবনা, ০২ সেপ্টেম্বর ২০১৭