Wednesday, October 18, 2023

উপলব্ধি

একদল মানুষ স্বাধীনতাকে বেয়াদবি মনে করে, আরেক দল বেয়াদবিকে মনে করে স্বাধীনতা। খুব কম মানুষই কোনটা বেয়াদবি আর কোনটা স্বাধীনতা সেটা সঠিক ভাবে অনুধাবন করতে পারে।

দুবনা, ১৮ অক্টোবর ২০২৩

Tuesday, October 17, 2023

শিশু ও ঈশ্বর

একটি শিশু যার কোন দেশ নেই, জাতি নেই, ধর্ম নেই
বা থাকলেও এসব সে জানে না, এসব নিয়ে তার মাথা ব্যথা নেই
মারা গেল গুলিবিদ্ধ হয়ে।
একটি গুলি যার নিজেরও কোন দেশ নেই, জাতি নেই, ধর্ম নেই
নিজের অনিচ্ছায় কেঁড়ে নিল এক তাজা প্রাণ।
একটা শিশু আর একটা গুলি - দুজনেই নিষ্পাপ।

তোমরা যারা ঈশ্বরে বিশ্বাস কর তাদের কী মনে হয়?
সেই শিশু গিয়ে জানতে চাইল ঈশ্বরের কাছে
কী অপরাধে তার জীবনের শুরুটাই শেষ হয়ে গেল।
ঈশ্বর নীরব। কি বলবেন তিনি?
কিন্তু শিশু নাছোড়বান্দা। বলল
তুমি যাদের বশ করেছ তাদের কাছে তুমি দায়বদ্ধ।
এই যে বড়রা ধর্মের নামে, তোমার নামে নিষ্পাপ আমাকে মারল
তাতে কি তোমার এতটুকু দায় নেই?
কিন্তু কী বলবেন ঈশ্বর? কী বলার আছে?
তিনি নিজেই আজ ভক্তদের কাছে জিম্মি,
বন্দী তিনি নিজ গৃহে।
একজন মানুষ - সে শুধুই মানুষ।
সে হিন্দু নয়, সে মুসলমান নয়, সে বৌদ্ধ নয়,
সে খ্রিষ্টান, ইহুদি কিংবা অন্য কিছু নয়।
সে অতি সামান্য এক মানুষ ।
ঈশ্বরের নামে, ধর্মের নামে মানুষ হত্য বন্ধ হোক।
তাতে তোমাদের ঈশ্বর লজ্জা পান,
তিনি অসহায়ের মত মাথা নিচু করে দাঁড়িয়ে থাকেন সদ্য মৃত
শিশুটির সামনে। 

দুবনা, ১৭ অক্টোবর ২০২৩ 

Saturday, October 14, 2023

শিশু

শিশুর কোন জাত নেই, ধর্ম নেই, দেশ নেই। এই পৃথিবীতে সে নতুন আগন্তুক। তাই ইসরাইলের হোক আর প্যালেস্টাইনের হোক - একটা শিশুকে হত্যা করা মানে মানবতাকে হত্যা করা। আর সেটা যেই করুক সে ঘৃণার পাত্র। যতক্ষণ না বিশ্ব শিশুদের শিশু হিসেবে না দেখে ইসরাইলের বা প্যালেস্টাইনের শিশু হিসেবে দেখবে আর সেই ভিত্তিতে এই পক্ষ বা ঐ পক্ষের শাস্তি দাবি করবে, ততক্ষণ শিশুর রক্ত ঝরতেই থাকবে। শিশু হত্যা বন্ধ হোক।

দুবনা, ১৫ অক্টোবর ২০২৩

লাভ থেকে লোভ

বুদ্ধ থেকে শুরু করে যীশু ও চৈতন্য হয়ে হালের অনেক দার্শনিক যুদ্ধ ও ঘৃণার পরিবর্তে ভালোবাসা বা Love দিয়ে শত্রু জয়ের উপদেশ দিয়েছেন। ব্যবসায়ী মহল এই Love কে বাংলা লাভ বা profit এর সাথে গুলিয়ে ফেলেছে। যারা এককাঠি সরেস তারা আবার Love কে লোভে পরিনত করে সেটা দিয়েই বিশ্ব জয়ে নেমেছে। এই লোভ এখন সবকিছু জয় করেছে। প্রতিবাদ, প্রতিরোধ, শুভ বুদ্ধি, সহমর্মিতা সব এখন লোভের কাছে জিম্মি।

দুবনা, ১৪ অক্টোবর ২০২৩

Friday, October 13, 2023

অর্থ

আমেরিকাই মনে হয় পৃথিবীতে একমাত্র দেশ যে পৃথিবীর যেকোন প্রান্তে নিঃস্বার্থ ভাবে নিজের স্বার্থ রক্ষা করে চলছে। এটা করতে গিয়ে যদি লাখ লাখ মানুষের স্বার্থ পদদলিত করতে হয় তাতেও সে ভ্রুক্ষেপ করে না। স্বার্থ অর্থময়।

দুবনা, ১৩ অক্টোবর ২০২৩

Thursday, October 12, 2023

মৃত্যু

কখনও কখনও কাউকে কাউকে বলতে শুনি বয়স তো অনেক হল, এখন বেঁচে থেকে অযথা অন্যদের জন্য বরাদ্দকৃত অক্সিজেন ধ্বংস করে কী লাভ? তার চেয়ে মৃত্যুই শ্রেয়। মৃত্যু দিয়ে ব্যক্তি মানুষের সমস্যার সমাধান হতে পারে, তবে সমষ্টির বা সমাজের সমস্যার সমাধান হয় না। অন্তত সমাজের জন্য ক্ষতিকর নয়, বরং সমাজসেবক কারও মৃত্যু দিয়ে। এমনকি এ ধরণের মানুষ শুধু বেঁচে থেকেও সমাজের কল্যাণ করতে পারে। কারণ ঘুষ দুর্নীতির আশ্রয় না নিয়ে, সৎ পথে এবং ভিন্ন মত পোষণ করেও যে আজকের দিনে বেঁচে থাকা যায় সেটা অন্যদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে তিনি অনেককে সৎ পথে চলতে উৎসাহিত করতে পারেন। অন্যায়, অবিচার, লোভ, লালসা, হিংস্রতায় ভরা পৃথিবীতে সৎ ভাবে বেঁচে থাকাও এক ধরণের প্রতিবাদ। অনেক রাজপথ কাঁপানো মিটিং মিছিলের চেয়ে অনেক অনেক বড় প্রতিবাদ।

দুবনা, ১২ অক্টোবর ২০২৩

 

Wednesday, October 11, 2023

যুদ্ধ ও শান্তি

অবস্থাদৃষ্টে মনে হয় পৃথিবীতে যুদ্ধটাই চিরস্থায়ী আর শান্তি ক্ষণস্থায়ী, সাময়িক। পৃথিবীর ভাগ্য বিধাতারা যখন যুদ্ধ যুদ্ধ খেলতে খেলতে ক্লান্ত হয়ে পড়ে তখন যুদ্ধ বিরতি ঘোষণা করে, ঠিক যেমন হিংস্র প্রাণীরা শিকার শেষে খেয়ে ঘুমুতে গেলে নিরীহ প্রাণীদের জীবনে সাময়িক স্বস্তি ফিরে আসে। তবে হিংস্র প্রাণীরা শুধু নিকট ভবিষ্যতের কথা ভেবে শিকারে নামে আর মানুষ ভাবে পরবর্তী কয়েক প্রজন্মর কথা। তাই ওদের যুদ্ধ যুদ্ধ খেলাটাও প্রায় বিরতিহীন ভাবেই চলে।

দুবনা, ১১ অক্টোবর ২০২৩