Tuesday, July 5, 2022

বৃষ্টি

আজ বৃষ্টি এলো ইষ্টি হয়ে। বজ্রপাতের সম্ভাবনা আছে বলে ঘোষণা দিয়েছে। বাসা থেকে বেরুলাম ভোলগার উদ্দেশ্যে হাল্কা বৃষ্টির ফাঁকে ফাঁকে রাস্তা করে। পথে সহ সাঁতারুর সাথে দেখা। 
এখন ঝড় বৃষ্টি শুরু হবে। সবাই চলে গেছে। তুমি বরং পরে যাও।
আমি ঝড়ের কাছে হার মেনে বাসায় ফিরলাম। ভেবেছিলাম ছোটবেলার মত বৃষ্টির সময় নদীতে সাঁতার কাটব। হল না। ছোটবেলারা ফিরে আসে না।

দুবনা, ০৫ জুলাই ২০২২

Sunday, July 3, 2022

আলো

স্বাধীনতা আজ স্বাদহীন। দেশ স্বাধীন, তবে দিন দিন মানুষ হেরে যাচ্ছে, হেরে যাচ্ছে মানবিকতা, হেরে যাচ্ছে মুক্তচিন্তা, হেরে যাচ্ছে যুক্তি। বিবেক, বুদ্ধি, সদিচ্ছা সব পরাজিত হচ্ছে অর্থ আর ক্ষমতার লোভের কাছে। অন্ধ বিশ্বাস নিভিয়ে দিচ্ছে শেষ আলোর রেশ। 

দুবনা, ০৪ জুলাই ২০২২

সারণী

মেন্ডেলিফের সারণীতে He নামে এক ইলিমন্ট আছে কিন্তু She নামে কেউ নেই। এই ডিসক্রিমিনেশন কি সবার চোখ এড়িয়ে যাবে?

দুবনা, ০৩ জুলাই ২০২২

শিক্ষা

মানুষ কি চায়? ভালো থাকতে। আর সে জন্যে বেশি বেশি উপার্জন করতে। আগে ভালো উপার্জন করার জন্য ভালো ভাবে লেখাপড়া করতে হত। তাই তো তখন বলা হত - "লেখাপড়া করে যে গাড়িঘোড়া চড়ে সে"। পড়াশোনা করলে শুধু স্বচ্ছলতাই আসত না, সম্মান পাওয়া যেত। আজ যদি সমাজের দিকে তাকান দেখবেন শিক্ষিত মানুষকে পথে ঘাঁটে অপমান করা হচ্ছে, আর্থিক ভাবে স্বচ্ছল আজ শিক্ষিত মানুষ নয়, এমনকি তাদের কথাও কেউ শোনে না। ক্ষমতা, অর্থ, সম্মান সব আজ রাজনীতিবিদদের জবর দখলে। আর যেহেতু আজ রাজনীতিবিদ হতে কোন রকম শিক্ষার দরকার নেই তাই শিক্ষার আর সেই কদর নাই। অশিক্ষিত মানুষ প্রশ্ন করে না তাই তাদের যা খুশি, যেভাবে খুশি বোঝানো যায়। ক্ষমতাই যখন একমাত্র লক্ষ্য তখন শিক্ষা, শিক্ষক এসব বিষয়ে গুরুত্ব না দেয়াই যেকোন বুদ্ধিমান সরকারের কাজ। 

দুবনা, ০৩ জুলাই ২০২২

Saturday, July 2, 2022

মশা

মশারাও দিন দিন মানুষ হয়ে যাচ্ছে। বিকেলে ছবি তুলতে গেলেই ওরা দল বেঁধে আসে ট্যাক্সের জন্য। যতক্ষণ না রক্ত দিয়ে ঋণ শোধ করছ ততক্ষণ কোন ছবি নেই। তার উপর আজ চুতরাপাতা হাঁটুতে এমন কষে এক চুমু দিল যে এখনও জায়গাটা জ্বলছে। 

দুবনা, ০২ জুলাই ২০২২

Friday, July 1, 2022

বিভাজনে ঐক্য

মানুষে মানুষে বিভাজন সেই ডিএনএ আরএনএ পর্যায়ে। প্রতিটি মানুষই অন্যের চেয়ে আলাদা, তাই চাইলে সবাই সবার বিরুদ্ধে সংঘাতের অজুহাত খুঁজে পাবে। যুক্তিবাদী মানুষ এই বৈপরীত্যের মধ্যে বৈচিত্র্য খুঁজে জীবনকে সমৃদ্ধ করতে চায় আর অন্ধ বিশ্বাসী মানুষ সেটা খুঁজে অশান্তি তৈরির জন্য। আর তাই যদি না হত এত মারামারি হানাহানি হত না ধর্ম আর মানবতার নামে। আজকাল বড় বড় যুদ্ধগুলো মানবতা আর মানবাধিকারের নামেই হচ্ছে।


দুবনা, ০১ জুলাই ২০২২ 

অনুভূতি

 

শিক্ষকের গলায় জুতার মালা
কোন অনুভূতি নেই
শিক্ষক খুন হয়ে গেল
অনুভূতি নিথর
নিরাপত্তার অভাবে মানুষ দেশ ছাড়ছে
অনুভূতি ভয়ে দরজায় খিল দিয়ে বসে আছে
দ্রব্য মূল্য বৃদ্ধিতে মানুষের পেটে ভাত নেই
অনুভূতি ক্ষুধার্ত অসহায়
রাজনীতি প্রহসনে পরিণত হয়েছে
অনুভূতি বন্দী
নারী ইভ টিজিং-এর শিকার, ধর্ষিতা
অনুভূতি বোবা
শিশু নির্যাতিত হচ্ছে
অনুভূতি অন্ধ
অনুভূতি যেন কোমায় থাকা রোগী
শুধু ধর্মের নামে প্রাণ ফিরে পায়
আজ সব অনুভূতি শুধু ধর্মকে কেন্দ্র করে
তাহলে কী হবে এই দেশের
যেখানে সরকার, প্রশাসন সব ব্যাপারেই নির্লিপ্ত অনুভুতিহীন?

দুবনা, ০১ জুলাই ২০২২