Monday, November 13, 2017

অফার





আমি ফেসবুক করছিলাম। গুলিয়া পাশে বসে কফি খাচ্ছিল। আর টিভিটা মনের আনন্দে প্রলাপ বকে যাচ্ছিলো। হঠাৎ পর্দার ওদিকে থেকে বলতে শুনলাম “পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়েছে প্রতিটি নবজাতকের জন্য মাকে দুই লাখ পঞ্চাশ হাজার রুবল দেয়া হবে।“
-    চাইলে আমি তোমাকে দুই লাখ পঞ্চাশ হাজার রুবল দিতে পারি।
-    কি করতে হবে তার জন্য।
-    তেমন কিছু না। একটা বাচ্চার জন্ম দিতে হবে।
-    মাথা খারাপ। তার চেয়ে আমার কুকুরই ভালো।
-    তা ঠিক। তবে কুকুরের জন্য সরকার টাকা দেয় না।
-    দরকার আমার ঐ টাকার।
-    মনে রেখো, আমি তোমাকে দুই লাখ পঞ্চাশ হাজার রুবল অফার করেছিলাম। তুমি নিতে চাওনি।   

দুবনা, ১৩ নভেম্বর ২০১৭    



Thursday, October 26, 2017

প্রশ্নপত্র

ছোট বেলার একটা খেলা (প্রশ্ন) ছিল এ রকমঃ
If যদি is হয় but কিন্তু what অর্থ কি? আর উত্তরটা ছিল
"গাধার মত প্রশ্ন করলে উত্তর দেবো কি?"
যে এই প্রশ্নে কোন ধর্মগ্রন্থ সবচেয়ে পবিত্র এ প্রশ্ন করে সে সত্যিকারের ASS (দুই অর্থেই)

দুবনা, ২৬ অক্টোবর ২০১৭ 

 

Saturday, October 21, 2017

তুষারকণা






বাইরে তুষারকণা বাতাসে ভাসে                
তাই দেখে শরৎ কন্যা মুচকি মুচকি হাসে                                                                                               
“এতো তাড়াতাড়ি তোরা এলি কেন বাপ?                                                                                       
নাকানি চুবানি খেয়ে চাইতে হবে মাফ।“                                                                                                        
“শরৎ পিসি, অযথা কেন তুমি বক?                                                                                                          
লেপমুড়ি দিয়ে না হয় ঘরে বসে থাক।                                                                                                         
এসেছি বেড়াতে আমরা থাকবো ছয়  মাস,                                                                                                                
নববর্ষে পরীক্ষা করতে হবে পাশ।                                                                                                         
তারপর বসন্তেরে করবো বরণ,                                                                                                                
তা না হলে সান্তা ক্লাউসের গলাবো কেমনে মন?”                                                                                      
এরপর সে যে কী শুরু হোল নাচ                                                                                                            
কেঁপে উঠে পৃথিবী, কেঁপে উঠে গাছ                                                                                               
হলুদ পাতারা সব ঝরে ঝরে পড়ে                                                                                                         
যেন আমি বসে আছি পীত সাগরে।

দুবনা, ২১ অক্টোবর ২০১৭




Thursday, October 19, 2017

আলোর উৎসব



সকাল থেকেই ফেসবুক ভরে গেছে দীপাবলীর শুভেচ্ছায়। কেউ আবার মেসেজ পাঠাচ্ছে। ইদানিং কালে অবশ্য এটা দিওয়ালী নামেই বেশী পরিচিত। হতে পারে ইংরেজিতে ওভাবে লেখা হয় বলে। এসব দেখে বারবার মনে পড়ছিল ছোটবেলার কথা। সাধারণত আগুন নিয়ে খেলতে না দিলেও এদিন বাড়িতে ছিল আগুনের ছড়াছড়ি। জ্যাঠামশাই, কাকা, বড়দা আর আমাদের ঘরের চারিদিকে আধা হাত দুরে দুরে একের পর এক মোমবাতি বসিয়ে দিতাম। গুদাম ঘর, বড় ঘর, কাচারী ঘর, রান্না ঘর কোন কিছুই বাদ যেতো না। এমন কি ঢেঁকির ঘর, গোয়াল ঘরেও জ্বালানো হতো মোমবাতি। এটা ছিল অমাবশ্যার রাত। সাঁঝের পরেই সারা পাড়ায় জ্বলে উঠত বাতি। হাতে আরও মোম বাতির প্যাকেট নিয়ে ঘুরে বেড়াতাম, কোথায় কোন মোমবাতি শেষ হলে নতুন আরেকটা লাগিয়ে দিতাম। এমন কি বাজিও ফুটানো হতো। আলোর উৎসব শেষ হলে শুরু হতো মোম সংগ্রহের পালা। পরের দিন ঐ মোম গলিয়ে পেঁপের ডগায় সুতা ভরে ঢেলে দিতাম ঐ মোম। এভাবেই তৈরি হতো নতুন বড় মোমবাতি। পাল্লা দিয়ে বানাতাম – কার মোমবাতি কত বড় আর মোটা হয় (স্লীমের যুগ তখনও শুরু হয়নি)। সব দেবদেবীর থেকে কালীকে বেশী ভয় পেলেও এ রাতটা ভয়ের ছিল না। আবার দুর্গা পূজার মত সার্বজনীনও ছিল না কালী পুজা। তবে ইদানীং আলোর উৎসব হিসেবে দীপাবলী আন্তর্জাতিক রূপ পেয়েছে। মনে পড়ে অনেক আগে কুরুসাবার একটা মুভির কথা, সেখানে জাপানের আলোর উৎসব দেখেছিলাম। ছোট ছোট নৌকায় (দেখতে মনে হয় কলার খোল দিয়ে তৈরি, অনেকটা যেমন আমাদের দেশেও করা হয় অন্য কিছু পুজায়) মেয়েরা প্রদীপ ভাসিয়ে দিচ্ছিল নদী বা সাগরে। তখন মনে পড়েছিল দীপাবলীর কথা। আজ এ সম্পর্কে নতুন এক তথ্য জানলাম, তাও ব্রিটেনের প্রাইম মিনিস্টার তেরেজা মে’র দীপাবলী উপলক্ষ্যে শুভেচ্ছা বক্তব্য থেকে। এটা নাকি ছিল রামের বনবাস থেকে অয্যোধ্যায় ফিরে আসার ৫ দিন ব্যাপী উৎসব! একেই বলে শত বৎসর বাঁচ, শত বৎসর শেখো (ভেক ঝিভি, ভেক উচিস – Век живи век учись).
সবাইকে আলোর উৎসবে অনেক অনেক শুভেচ্ছা!         


দুবনা, ১৯ অক্টোবর ২০১৭