দুবনা, ২৮ এপ্রিল ২০২৬
Tuesday, April 28, 2026
রাজনীতি
আমরা সবাই বায়ুর সাগরের ডুব সাঁতারু। সে কথা আমরা সবাই জানি মানি আর নাই মানি। কিছু মানুষের কাছে বাতাসের অস্তিত্ব ঝড়ো হাওয়ার মধ্যে ধরা পড়ে, আবার কেউ কেউ গাছপালা বা পাতা দুলতে দেখেও সেটা টের পায়। গুমোট আবহাওয়ায় অনেকেই ভাবে বাতাস নেই। আসলে সেখানেও বাতাস থাকে, যেমন জল থাকে স্রোতহীন বদ্ধ জলাশয়ে। একই ভাবে মানুষ বসবাস করে রাজনীতির গভীর জলে। সেখানেও জোয়ার ভাটা আসে, আবার তৈরি হয় ডোবাখানা। তাই যখন রাজনৈতিক আলাপ পরিবেশ নষ্ট করে – এ ধরণের কথা শুনি তখন আসলে আমরা ভিন্ন ধরণের রাজনীতিতে আঁটকে যাই। সমস্যা নিয়ে না ভাবলে সমস্যা দূর হয় না বা সমস্যার সমাধান হয় না তা নয়, সমাধান হয় অন্যের মত করে যা আরও বেশি বড় সমস্যা হিসেবে হাজির হবার সম্ভাবনা থাকে। রাজনীতি নিয়ে না ভাবলেও তেমনি রাজনীতি আমাদের ছেড়ে চলে যায় না। চাল ডালের দাম, তেলের দাম, বেকারত্ব, যুদ্ধ, মব – ইত্যাদি আকারে আমাদের জীবনে আসে, আসে অনাহুত অতিথির বেশে – অনেকটা বর্গীদের মত। আসলে কথা বলা কথা না বলার চেয়ে ভালো। তবে সময় মত চুপ করে থাকার প্রয়োজন মোটেই কম নয়। রাজনৈতিক আলোচনা উল্টো পরস্পরের প্রতি বিশ্বাস বাড়ায় – সন্দেহ দূর করে। আমাকে বা আমাদের সব বিষয়েই যে একমত হতে হবে তার কোন মানে নেই, দ্বিমত প্রকাশ করার স্বাধীনতা, দ্বিমত প্রকাশ করার পরিবেশই আসল বন্ধুত্বপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ। যদি বন্ধুরা দ্বিমত করার ব্যাপারে একমত হতে না পারে – সেটা আর যাই হোক বন্ধুত্ব নয় – একই গাড়ির অপরিচিত সহযাত্রী।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment