Tuesday, September 26, 2023

নিরুপায়

নদীর যত্ন না নিলে নদী শুকিয়ে যাবে, তৃষ্ণায় বুক ফেটে মরে যাবে। সোনার বাংলা হবে মরুভূমি। সেখানে না চলবে নৌকা, না বাইবে কৃষক লাঙল, না গজাবে ধানের শীষ। তারপরেও এসব প্রতীকের ধারক ও বাহকেরা নদীর যত্ন নেবে না। শুধু কেউ কেউ যারা পরিবেশ নিয়ে কথা বলবে তাদের ডোবায় চুবাবে। অবশ্য, আজকাল খালবিলের যে হাল তাতে চুবানো ছাড়া আর কীই বা করার আছে?

দুবনা, ২৭ সেপ্টেম্বর ২০২৩

Sunday, September 24, 2023

সম্পর্ক

মরিচা মরিচের স্ত্রী না হলেও অতিরিক্ত মরিচ ভক্ষণে পাকস্থলীতে মরিচা ধরার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সেই সূত্রে মরিচাকে মরিচের অধস্তন বলা যায়।

দুবনা, ২৪ সেপ্টেম্বর ২০২৩

Friday, September 22, 2023

শান্তনা

অনেকেই লিখছেন গতকাল থেকে জলবন্দী। জল সরছে না। কিন্তু জল যদি নিজেই বন্দী হয় তাহলে বেচারা সরবেই বা কেমনে, যাবেই বা কোথায়? তবে ভেঙে পড়ার কিছু নেই। এটা উন্নয়নের বাই প্রডাক্ট। যদি এর মধ্যেই পালাতে না পারে বেশ কিছুদিন বৃষ্টি না হলে এসব ভুঁইফোঁড় জলাশয় শুকিয়ে মরে যাবে। একটু ধৈর্য ধরলেই মুক্তি মিলবে।

দুবনা, ২২ সেপ্টেম্বর ২০২৩

Wednesday, September 20, 2023

ভাষা

ছোটবেলায় স্কুলে নতুন কোন কিছু শিখলেই বাড়ি ফিরে সেটা বলার চেষ্টা করতাম। ১৯৮৩ সালে যখন সোভিয়েত ইউনিয়নে আসি বয়স তখন ১৯ ছুঁই ছুঁই। নতুন দেশ, নতুন ভাষা। নতুন শব্দ শিখি আর বাচ্চাদের মত যখন তখন সেটা ব্যবহারের চেষ্টা করি। বর্তমানে দেশে ইসলামের আরবিকরণ চলছে। আগে যা ফার্সি ভাষায় বলত এখন তা আরবি ভাষায় বলছে। অনেক সময় মনে হয় অনেকেই আমার মত নতুন ভাষা বা নতুন শব্দ শেখার আনন্দেই বলছে বা লিখছে। 

দুবনা, ২০ সেপ্টেম্বর ২০২৩

Tuesday, September 19, 2023

অবাক কাণ্ড

ধর্ম পালন বা বিশ্বাস না করলেও অধিকাংশ মানুষ ধর্মকে খুব ভালো ভাবেই ব্যবহার করে। আর ধর্মকে খুব ভালোভাবে ব্যবহার করে তারাই যারা এসব তেমন একটা মানে না। যেমন ধরুন যারা ধর্ম পালন করে তারা মৃত্যুর পরে স্বর্গ যাওয়ার জন্য উদগ্রীব। অর্থাৎ সমস্ত পুরস্কার তারা পেতে চায় মৃত্যুর পরে। এই যে আমরা লাইফ ইনস্যুরেন্স করি সেটাও তো মৃত্যুর পরেই টাকা পেতে, গাড়ি ইনস্যুরেন্স করি গাড়ি নষ্ট হলে বা দুর্ঘটনায় পড়লে সেটার ভর্তুকি পেতে, বাড়ির ইনস্যুরেন্স করে টাকা পাই বাড়ি পুড়লে বা অন্য কোন ভাবে নষ্ট হলে, বিবাহ চুক্তি করি বিবাহবিচ্ছেদের পরে ঝামেলা এড়াতে। এসব কি সেই স্বর্গ পাওয়ার অনুকরণেই হয় না? তাই তো বলি ধর্মীয় অনুশাসন থেকে যতই মুক্তি চান না কেন সেটা বিভিন্ন ভাবে আপনার গায়ে লেপ্টে থাকবেই।

দুবনা, ১৯ সেপ্টেম্বর ২০২৩

Sunday, September 17, 2023

ফাইনাল

এশিয়া কাপ ফাইনাল অনুগল্পের চেয়েও ছোট হয়ে গেল। দর্শকদের কথা একটুও ভাবলে না সিরাজ?

মস্কোর পথে, ১৭ সেপ্টেম্বর ২০২৩

Friday, September 15, 2023

প্রেম

অবস্থাদৃষ্টে মনে হয় মশারাই সবচেয়ে দেশপ্রেমিক। দেশের মানুষ যেখানে নুণ্যতম সুযোগেই ইউরোপ, আমেরিকার, মালয়েশিয়া বা নিদেনপক্ষে ভারতে পাড়ি জমায়, মশারা শত ঝাটাপেটার পরেও দেশ তো দূরের কথা, নর্দমা পর্যন্ত ত্যাগ করে না।

রোমানভ-বরিসোগ্লেবস্কের পথে, ১৬ সেপ্টেম্বর ২০২৩