Wednesday, May 31, 2023

তালাক

লোকজন আজ ধুমসে সিগারেট ছাড়ার গপ্পো করছে। কেউ ডিভোর্স দিয়েছে ২৫ বছর আগে, কেউ কবে যে তিন তালাক দিয়েছে সেটাই মনে করতে পারছে না। আমিও অনেকক্ষণ ভাবার চেষ্টা করলাম কবে সিগারেট ছাড়লাম। অনেক ভেবেও সিগারেট ছাড়ার কথা মনে করতে পারলাম না। মানে আমি আজ পর্যন্ত সিগারেট ছাড়িনি। 
বল কি?
ঠিক বলেছি। বিয়ে না করলে যেমন বৌ ছাড়া যায় না, সিগারেটকে না ধরলেও তেমনি সিগারেট ছাড়া যায় না। 

দুবনা, ৩১ মে ২০২৩

Monday, May 29, 2023

আশা

ফেসবুকে কে যেন দেশে মরণোত্তর পদক প্রচলনের দাবি তুলেছে।
আইডিয়াটা মন্দ নয়। প্রচুর লোকজন স্বর্গ লাভের মত মরার পরে কোন পদক পাবে এই আশা নিয়ে মরতে পারবে আর লোকজন মৃত ব্যক্তির জন্য বেহেশতের পাশাপাশি মরণোত্তর পদকের সুপারিশ করতে পারবে। সরকারও নিজেকে ছোটখাটো ঈশ্বর মনে করে ঢেকুড় তুলতে পারবে।

দুবনা, ৩০ মে ২০২৩

Thursday, May 25, 2023

আভ্যন্তরীণ পর্যটন

বেশ কিছুদিন আগে ডান হাতের কনুইয়ে ব্যথা নামে এক দুষ্ট জন্মগ্রহণ করে। ওর দেখভাল করার জন্য ডাক্তারের পরামর্শ চাইলে তিনি কিছু ওষুধ দেন। কিন্তু পাজিটা পালিয়ে চলে যায় পায়ের গোড়ালিতে। এর পরে ওকে কান ধরে ডাক্তারের সামনে হাজির করি। ব্যাটা একটু শান্ত হয়। তবে আজ দেখছি ও আবার পালিয়েছে, এবার পালিয়ে চলে গেছে হাটুর একটু নীচে। ও দেখছি পরিব্রাজক মার্কো পোলো, শুধু আমার শরীরের এক কোণ থেকে আরেক কোণে ঘুরে বেড়াচ্ছে। পশ্চিমা বিশ্ব কি আমার ব্যথার উপরেও নিষেধাজ্ঞা আরোপ করল নাকি যে পাসপোর্ট ভিসা করে অন্য দেহে বেড়াতে যাচ্ছে না? ওকে আশ্রয় দিতে বা দত্তক নিতে আগ্রহী কেউ আছেন নাকি? তাহলে যোগাযোগ করবেন।

দুবনা, ২৫ মে ২০২৩

Tuesday, May 23, 2023

তেল মাখা

বিগত তিন দিন ধরে তৈলমর্দন করে করে পায়ের অভিমান ভাঙ্গালাম। শেষ পর্যন্ত তিনি হাঁটতে রাজি হলেন। অফিস সুইট অফিস। ইস্ সেই তেল মাখতে হল। সময় মত সঠিক পায়ে সেটা মাখলে জীবনে কিছু একটা করা যেত।

দুবনা, ২৩ মে ২০২৩


Monday, May 22, 2023

ইতিহাস

আজকাল দেশে দেশে ইতিহাস বিকৃত করা হচ্ছে। এটা অবশ্য নতুন কিছু নয় তবে বর্তমানে সেটা মহামারীর আকার ধারণ করেছে। এসব করা হয় মূলত রাজনৈতিক কারণে, নিজেদের অপকর্মকে জায়েজ করার জন্য। এই বিকৃত বা মিথ্যা ইতিহাস থেকে শিক্ষা নিয়ে গড়ে ওঠে নতুন প্রজন্ম, নতুন নেতৃত্ব। অপশিক্ষা তাদের বিচক্ষণ মানুষ বা রাজনৈতিক নেতা হতে দেয় না। এ কারণে তাদের নেতৃত্ব না হয় বলিষ্ঠ, না আনে বিশ্ব শান্তি। আজ আমরা বিশ্বে যে রাজনৈতিক অস্থিরতা দেখছি সেটা মনে হয় এই ইতিহাস বিকৃতির ফসল। আর সেটা যে দিন দিন অবনতির দিকে যাবে তা বোঝা যায় বর্তমান বিশ্ব নেতাদের দিকে তাকালে। জেলেনস্কি এটা বিচ্ছিন্ন ঘটনা নয় জেলেনস্কি পশ্চিমা বিশ্বের রাজনৈতিক নেতৃত্বের তপস্যার ফসল। 

দুবনা, ২২ মে ২০২৩



Friday, May 19, 2023

উত্তপ্ত টাকা

ফেসবুকে দেখলাম দেশে কারা যেন হাতিকে রেল লাইনের পাশে বেঁধে হত্যা করেছে। এটাই এখন আমাদের জাতীয় চরিত্র - অসহায় মানুষ বা প্রাণীদের হত্যা করে আনন্দিত ও গর্বিত বোধ করা। একটা জাতি কতটুকু হীনমন্যতায় ভুগলে এরকম ঘটনা ঘটতে পারে?সাথে সাথে মানসিক উন্নয়ন না ঘটলে, সুশিক্ষিত না হলে অর্থনৈতিক উন্নয়ন হয় টাকার গরম দেখানোর প্রতিশব্দ। 

দুবনা, ১৯ মে ২০২৩

Thursday, May 18, 2023

সংখ্যা

অনেকেই আমাকে প্রশ্ন করে বাসার কুকুর কতগুলো। উত্তর দিতে পারি না। আজ অফিসে বেরুনোর পথে বিভিন্ন দিক থেকে কুকুরদের উৎসুক চাহনি দেখে আমার বেহালা লক্ষ্মীন্দর সিনেমার কথা মনে হল। বাকিটা নিজেরা গুণে নিয়েন।

দুবনা, ১৮ মে ২০২৩