Wednesday, December 28, 2022

ফেস না বুক?

আজকাল ফেসবুকের প্রতি পদে পদে দোয়া আর আশির্বাদের ছড়াছড়ি। একদল এসব চাইছে। আরেক দল অকাতরে বিলিয়ে বেড়াচ্ছে। এসব দেখে প্রায়ই বুঝে উঠতে পারি না এ কোথায় আমি- এয়ারপোর্টে বা আশির দশকের গুলিস্থানে ভিখিরিদের মাঝে নাকি কোন মন্দির মসজিদ গির্জা প্যাগোডা বা সিনেগগে সাধু সন্তদের ভিড়ে। ফেসবুক ছিল মুখের বই, আমাদের অতি আগ্রহে হয়ে যাচ্ছে মুখের হৃদয় বা মন।

দুবনা, ২৯ ডিসেম্বর ২০২২

Tuesday, December 27, 2022

ছবি

ঢাকা ভার্সিটির একটা ছবি ভাইরাল হয়েছে। সবার প্রশ্ন এরা কারা? সুন্দর প্রশ্ন। বছর বিশেক পরে এরা "হু ওয়াজ হু" মানে কোনটা কে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নিজেদের মধ্যে মারামারি করবে। সাধে কি সক্রেটিস বলেছেন নিজেকে চিনতে? 

দুবনা, ২৮ ডিসেম্বর ২০২২

মানুষ

নারদ মুনি ছিলেন স্বর্গবাসী, স্বর্গের সভাকবি। আবার তিনি ঝগড়াটে বলেও বহুল পরিচিত। পরস্পরবিরোধী বিভিন্ন দোষ গুনে যে মানুষ সে সব বিষয়ে সঠিক হবে সেটা ভাবা তাই ভুল। নেতা হোক আর গুরু হোক কেউ ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়। তাই তাদের আদেশ, উপদেশ পালনের আগে প্রশ্ন করুন, ভাবুন আপনার জন্য সেটা কতটুকু প্রযোজ্য। 

দুবনা, ২৭ ডিসেম্বর ২০২২


Monday, December 26, 2022

নাম পরিবর্তন

আওয়ামী লীগ যে ভাবে পুলিশ দিয়ে বিরোধী দলের মিছিল মিটিং এ হামলা চালায় তাতে তাদের নাম বদলিয়ে আওয়ামী পুলিশ লীগ রাখাটাই যুক্তিযুক্ত বলে মনে হয়।

দুবনার পথে, ২৬ ডিসেম্বর ২০২২

Sunday, December 25, 2022

অনিশ্চিত নিশ্চয়তা

ধর্ম গ্রন্থ কোন বিষয়ে যেখানে শেষ কথা বলে বিজ্ঞান সেখানে প্রশ্ন করে শুরু করে নতুন পথ যাত্রা। যারা নিশ্চয়তা খোঁজে তারা তাই যায় ধর্মের বা বিশ্বাসের পথে। বিজ্ঞানের পথে তারাই যায় যারা অনিশ্চিয়তা পছন্দ করে, যারা নিজেদের মত করে জীবন গড়তে চায়, জীবন উপভোগ করতে চায় আর রিস্ক নিতে চায়। এটা ভালো বা মন্দ কিছু নয়। এটা মাইন্ড সেট। মানুষ যেমন চিন্তা ভাবনার ক্ষেত্রে হিউম্যানিটারিয়ান বা এনালিটিক্যাল হয়, সে তেমনি করেই বিশ্বাস প্রবণ বা সন্দেহ প্রবণ হয়। 

মস্কো, ২৬ ডিসেম্বর ২০২২


হিস্যা

আমাদের সময় গ্রামাঞ্চলে বার্থ সার্টিফিকেটের বালাই ছিল না। ফলে আমার জন্ম ২৫ ডিসেম্বর হলেও খাতাকলমে ০২ জানুয়ারি। মনিকা ঠিক বুঝতে পারল না এটা কিভাবে সম্ভব। আমি বললাম সমস্যা হবে নরকের দারোয়ানদের। অফিসিয়াল ডকুমেন্টে আমার যখন ৬০, বাস্তবে হবে ৫৯ বছর ৭ দিন। তাহলে আমার আয়ু কোন হিসেবে হবে? আর যদি ভুল করে আমাকে অফিসিয়াল ডকুমেন্ট দেখে মেরে ফেলে আর আমি যদি মামলা করি তাহলে কি আমাকে পৃথিবীতে ফেরত পাঠাবে নাকি নরকের গেটে হাজতে রাখবে? ভগবান হওয়া এত সহজ নয়। বিশেষ করে স্কুলের মাস্টারমশাইরা যখন ছাত্রদের জন্মদিন ভুলভাল লেখে।

মস্কো, ২৫ ডিসেম্বর ২০২২

জীবন

অধিকাংশ মানুষই নিজেকে যত আধুনিকই মনে করুক না কেন, বিজ্ঞান ও প্রযুক্তির যত সুবিধা ভোগ করুক না কেন দিনের শেষে সে কমবেশি ধার্মিক। কারণ সে সম্ভাবনায় আস্থা না রেখে নিজের সাফল্য বা ব্যর্থতায় অন্ধভাবে বিশ্বাস করে। প্রায় প্রতিটি বিষয়ে নিজের মতামতকে একমাত্র সত্য বলে মনে করে। অথচ সে যদি অন্যের ভাবনাটা সঠিক হতে পারে সেই সম্ভাবনার সুযোগ দিত তাহলে অনেক কিছুই সহজ হয়ে যেত। এটা করার জন্য কোয়ান্টাম তত্ত্বকে জীবন ধারণার অবিচ্ছেদ্য অংশ করে নিতে হয় কিন্তু মানুষ নিজেকে ক্ল্যাসিকাল ঘরানার অংশ ভাবতেই বেশি পছন্দ করে। শুধু কি তাই? অধিকাংশ মানুষ তাদের জীবন পূর্ব নির্ধারিত বলে বিশ্বাস করে।

মস্কো, ২৫ ডিসেম্বর ২০২২