Tuesday, May 31, 2022

বিশ্বাসঘাতকতা

যদিও বিভীষণ ও বিকর্ণ রাম ও যুধিষ্ঠিরের নিকট ভালো ব্যবহার পেয়েছিল মীর জাফর সম্পর্কে সেটা বলা যায় না। ইংরেজরা ঠিকই বুঝেছিল যারা নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করে তারা যেকোনো সময়ে বিদেশি মনিবের সাথেও বিশ্বাসঘাতকতা করতে পারে। তাই দেশ, জাতি ও আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা করার আগে ভেবে দেখবেন সেটাই যেন আপনার কাল হয়ে না দাঁড়ায়।

মস্কো, ০১ জুন ২০২২


মুক্তি

সব দেখে মনে হয় মুক্তিযোদ্ধা সনদপত্র লেটেস্ট মডেলের আইফোন - কাজে লাগুক আর নাই লাগুক কেনা চাই ই চাই। আর এ থেকে আপাত দৃষ্টিতে বুদ্ধিমান মানুষও বাদ যায় না। আজ সকালেই আট বছর বয়সের এক মুক্তিযোদ্ধার গল্প শুনলাম। আমি নিজেও তখন কাঠের বন্দুক ও পাটখরির তীর ধনুক দিয়ে মুক্তিযুদ্ধ খেলতাম। ২৬ মার্চের পরে ঢাকা থেকে পালিয়ে আসা মানুষদের তরা ঘাঁটে খাদ্য ও পানীয় দিয়ে সাহায্য করেছি। দাঁড়িয়ে পরব নাকি লাইনে?

মস্কো, ৩১ মে ২০২২

Monday, May 30, 2022

অমরত্ব

যুধিষ্ঠির, ভীম, অর্জুন, কর্ণ, ভীষ্ম, দুর্যোধন সবার সমস্ত বীরত্ব ম্লান করে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়িয়ে আছে দ্রৌপদীর বস্ত্রহরণকারী দুঃশাসন। ইদানিং এর সাথে যোগ দিয়েছেন আচার্য দ্রোণ ড্রোন নামে ইংরেজি উচ্চারণে। 

মস্কো, ৩১ মে ২০২২

Sunday, May 29, 2022

সুখ দুঃখ

সুখ কি?
তিন বেলা মাংস খাওয়া। 
দুঃখ কি?
এমন সুখের মুখ দেখা।
কেন?
মাংস যে জাতির সুখের মাপকাঠি সে জাতির কপালে কষ্ট আছে।

মস্কো, ৩০ মে ২০২২

মুক্তিযুদ্ধ

'জীবদ্দশায় নয়; মৃত্যুর পর মুক্তিযুদ্ধে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কলামিষ্ট আবদুল গাফফার চৌধুরী!' 

উনি তো সৌভাগ্যবান যে মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত আইনজীবী তপন চক্রবর্তীর মত ওনার নাম রাজাকারের তালিকাভুক্ত হয়নি। 

সর্বজনবিদিত এসব দেশবরেণ্য মুক্তিযোদ্ধাদের সময় মত স্বীকৃতি না দিয়ে মুক্তিযুদ্ধের সরকার কি মুক্তিযুদ্ধকেই প্রশ্নবিদ্ধ করছে না? 

মস্কোর পথে, ২৯ মে ২০২২

রাজাকার

 

শুধু মুক্তিযুদ্ধই নয়, যেকোনো যুদ্ধই মুক্তিযোদ্ধার পাশাপাশি অনেক রাজাকারের জন্মও দেয়। আর এই রাজাকাররাই যুদ্ধকে যতদূর সম্ভব প্রলম্বিত করে। কারণ যতদিন যুদ্ধ চলে ততদিনই তারা মানবতার আর গণতন্ত্রের দোহাই দিয়ে বিশ্বব্যাপী তাদের তান্ডব চালিয়ে যেতে পারে। ডারউইনের বিবর্তনবাদ মেনেই আমার মনে হয় এদের পূর্বপুরুষেরা কুমির ছিল। কুম্ভীরাশ্রু কথাটি তো এমনি এমনি জন্মায়নি!

দুবনা, ২৯ মে ২০২২

Saturday, May 28, 2022

চেতনা

শুনেছেন, ২০০০ বীর মুক্তিযোদ্ধার বয়স ৫০ বছর। বাংলাদেশের বয়সও ৫০ বছর। এটা কী করে হয়?
না হবার কী আছে? একাত্তরে চারিদিকে যখন মৃত্যুর তাণ্ডব নাচ চলছে তখন জন্ম নেয়াই তো অসীম সাহসের কাজ। মৃত্যুকে কাঁচকলা দেখিয়ে সাহসের সাথে জন্ম নেয়া এসব বীরেরা যদি আজ মুক্তিযোদ্ধার সনদ দাবি করে তাতে অবাক হবার কিছু নেই। দেখবেন ক'দিন পরে অনেক বাবা মা যারা একাত্তরে সন্তান জন্ম দিতে পারেনি তারা তাদের সেই অনাগত সন্তানকে শহীদ মুক্তিযোদ্ধার খাতায় নাম লেখাতে তৎপর হয়ে উঠেছে।

দুবনা, ২৯ মে ২০২২