Tuesday, March 30, 2021

প্রতিপক্ষ বনাম শত্রু

 


যদি ফুটবল খেলতে চান তবে লীগটা বিভিন্ন ফুটবল টীম নিয়েই গড়ে তুলুন। সাময়িক লাভের কথা ভেবে প্রতিপক্ষ হিসেবে যদি হাডুডু টীম বেছে নেন তাতে খেলায় হয়তো জিতবেন তবে নিজের স্কীল বাড়বে না। আর এক সময় হাডুডু টীম শক্তিশালী হলে আপনাকেও ফুটবল নয় হাডুডু খেলতেই বাধ্য করবে। তখন কিন্তু ফুটবল বাঁচানোর জন্য আশেপাশে কেউ থাকবে না। আমাদের দেশের রাজনীতির আজ এই অবস্থা। রাজনীতির মাঠ থেকে রাজনৈতিক দল সরিয়ে ধর্মীয় দল আনায় রাজনীতির অস্তিত্বই আজ বিপন্নের পথে। এখন থেকে সাবধান না হলে আর সুস্থ্য ও সুষ্ঠু রাজনীতি ফিরিয়ে না আনলে একদিন রাজনীতিই অস্তিত্বের সংকটে পড়বে। আর সেটা হবে সামরিক শাসনামলে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ হওয়ার চেয়েও শতগুণে ভয়ঙ্কর। ইরানের দিকে চেয়ে দেখুন। রাজনৈতিক দল আপনার শত্রু নয় প্রতিপক্ষ, কিন্তু ধর্মীয় মৌলবাদীদের যেকোনো সংগঠন শুধু আপনার নয়, দেশের শত্রু!

দুবনা, ৩০ মার্চ ২০২১


Monday, March 29, 2021

পাগলা মানুষ

 


মানুষ নিজের ব্যর্থতা ঢাকতে সব সময় বাইরের শত্রু খোঁজে, অথচ শত্রু তার নিজের ভেতরে। এক দল অন্য দলের ভেতর শত্রু খুঁজতে গিয়ে নিজের দল গোছানোর সময় পায় না। এক দেশ নিজেদের সব কাজে অন্য দেশের হস্তক্ষেপ নিয়ে ব্যস্ত থেকে নিজের দেশের সমস্যা দেখতে পায়না। এই শত্রু খোঁজার অভ্যাসই মানুষের, সমাজের, দেশের সবচেয়ে বড় শত্রু। এটা আসলে এক ধরণের সিজোফ্রেনিয়া।

দুবনা, ২৯ মার্চ ২০২১

আপোষ

 


আমাদের রাজনীতি আসলে সব সময়ই এক্সট্রিম লাইনে চলে। যাদের সাথে আসলে আপোষে আসা দেশের রাজনৈতিক ভবিষ্যতের জন্যই কর্তব্য তাদের সাথে আমরা আপোষহীন। আর যাদের সাথে কখনই আপোষ করা উচিৎ হয় তাদের সাথে আপোষ করতে করতে আমরা অস্তিত্ব বিসর্জন দিই। মুশকিল!

দুবনা, ২৯ মার্চ ২০২১

Saturday, March 27, 2021

বিড়ালের রাগ বেড়ার সাথে

 


নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক - সন্দেহ নেই। তিনি মুসলমানদের পছন্দ করেন না - সেটাও সত্য। সুযোগ পেলে তিনি বিভিন্ন ভাবে মুসলমানদের ক্ষতি করেন - সেটাও ঠিক। কিন্তু প্রশ্ন হল এই যে মোদীর বিরোধিতা করে গতকাল হাজার হাজার মুসুল্লি (শুধু কি মুসুল্লিই) দেশের সম্পদ নষ্ট করল, স্টেশনে আগুন লাগাল, কতগুলো প্রাণ ঝরাল, আশংকা করা হচ্ছে এই প্রতিবাদ আরও চলবে, ৯০% মুসলমানের দেশের কষ্টে অর্জিত সম্পদ আরও নষ্ট হবে, এটা কি পারতপক্ষে মোদীর মুখেই হাসি ফুটাবে না? একটা গুলি খরচ না করে, একটাও আরএসএস বা বিজেপির কর্মীকে মাঠে না নামিয়ে ধর্মীয় শত্রুর এত ক্ষতি করে তিনি তো হিরো বনে গেলেন। নাকি সাম্প্রদায়িক মানুষ সাম্প্রদায়িক মানুষের ভাই - এই নিয়মে আপনারা মোদীকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আসন্ন নির্বাচনে? যতসব!

দুবনা, ২৭ মার্চ ২০২১

রাজনীতি

 

ভারতীয় পত্রপত্রিকায় বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে মোদীর বক্তব্য নিয়ে হাসির ফোয়ারা ছুটেছে। মোদী বলেছেন ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে কথা বলে তিনি নাকি জেলে গিয়েছিলেন। ঘটনা সত্য না মিথ্যা সেটা বলতে পারব না তবে সস্তা জনপ্রিয়তা অর্জনের জন্য এই বক্তব্য যে ইতিহাসের বিকৃতি সে ব্যাপারে সন্দেহ থাকার উপায় নেই। মোদীর নয়, ইন্দিরা গান্ধীর ভারত তখন বাংলাদেশের স্বাধীনতার জন্য যা করেছে সেটা সচরাচর দেখা যায় না। শুধু প্রায় এক কোটি মানুষকে আশ্রয়ই দেয়নি, আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছে, এমনকি কয়েক হাজার ভারতীয় সেনা যুদ্ধ করে প্রাণ পর্যন্ত দিয়েছে। এমতাবস্থায় মোদীর জেল গমন সেই সময়ের ভারতীয় রাষ্ট্র নীতির পরিপন্থী। সেটা ঘটতে পারত শুধু তখনই যদি মোদী বা আরএসএস বাংলাদেশের স্বাধীনতা প্রশ্নে ভারত সরকারের নীতির বিরোধিতা করত। আর সেটা যদি সত্যি সত্যি ঘটে থাকে তবে আমাদের এই আনন্দ উৎসবে মোদীর আগমন তাঁর বিশ্বাসের পরিপন্থী। আসলে রাজনীতিতে মিথ্যা আজ এমনভাবে শেকড় গেড়ে বসেছে যে সাময়িক বাহবা পাওয়ার জন্য অনেকে চোখের পলক না ফেলেও নির্জলা মিথ্যা বলে যায়।

দুবনা, ২৭ মার্চ ২০২১

Friday, March 26, 2021

নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ

 


মোদী বিরোধীরা আর কিছু করতে পারুক বা নাই পারুক স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসব পন্ড করতে পেরেছে। স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা কিছু শক্তি একাত্তরের চেতনা বিরোধী মৌলবাদী শক্তির এই কর্মকাণ্ডে সহযোগীর (অনিচ্ছাকৃত না বোকামি!) ভূমিকা পালন করেছে। দেশের সম্মানের চেয়ে মোদীর অসম্মানকে বেশি গুরুত্ব দিয়ে বামেরা আসলে নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার খেলায় মেতে উঠেছে। এমনিতেই ক্রমশ জন সমর্থন হারানো বাম রাজনীতি এ ঘটনার পর আবারও নতুন করে প্রশ্নের সম্মুখীন হবে। রণকৌশল যখন রণনীতিকে প্রশ্নবিদ্ধ করে তখন এ ধরণের কৌশল বর্জনীয়। অতীতে অনেকবার দেখেছি কোন এক কংগ্রেসে নিজেদের ভুল স্বীকার করে পাপস্খলন করার চেষ্টা করতে যা অনেকটা খৃস্টানদের স্বীকারোক্তি বা কনফেসনের মত। তবে বাংলার (মুসলিম) ধর্মভীরু জনগণ সেটা গ্রহণ করবে কিনা তাতে সন্দেহ আছে। এভাবে চলতে থাকলে কিছুদিন পরে ভুল স্বীকার করার মত লোক পাওয়া যাবে কিনা সেটাই আজ বাম ঘরানার রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন।

দুবনা, ২৬ মার্চ ২০২১ 
 
 

 

Thursday, March 25, 2021

স্বাধীনতা

 


স্বাধীনতা মানে মুক্ত মনে চিন্তা করার অধিকার
স্বাধীনতা মানে মনের কথা চিৎকার
করে বলা। স্বাধীনতা মানে অন্ন-বস্ত্র, যে বই খুশি পড়া
স্বাধীনতা মানে নিজের মত নিজের জীবন গড়া
স্বাধীনতা মানে বিশ্বাসের সাথে অবিশ্বাসেও বিশ্বাস
স্বাধীনতা মানে সবুজ মাঠ, নির্মল বায়ু নিঃশ্বাস
স্বাধীনতা মানে ভয় না পাওয়া, স্বাধীনতা মানে শান্তি
স্বাধীনতা মানে সাফল্যই নয়, মেনে নেওয়া ভুল ভ্রান্তি
স্বাধীনতা মানে গোঁড়ামি নয়, প্রশ্ন করার অধিকার
কর্তৃত্ব বাদী রাজনীতি নয়, রাজনীতি জবাবদিহিতার
 
দুবনা, ২৫ মার্চ ২০২১