Thursday, May 6, 2021

নতুন পথ

অদ্ভুত জীব এই মানুষ। আমরা শুধু অজানাকেই ভয় পাইনা, যা জানি সেটাকেও ভয় পাই। এই ধরুন আমি ১০০% শিওর যে কোন সাপ, ব্যাঙ, মশা, মাছি, ক্লেশ, এমনকি বাঘ ভাল্লুক আমাকে শত্রু মনে করে না। মনে করবে কী, ওরা আমাকে চেনেই না। তবুও গতকাল ক্লেশের কামড় খেয়ে আজ আর বন মুখী হইনি। ভয় ঢুকেছে মনে, যেন ক্লেশেরা ষড়যন্ত্র করেছে আমার বিরুদ্ধে, বনে গেলেই কামড়ে দেবে। গুলিয়াও একটু দ্বিধা করছিল যাবে কি যাবে না ওই পোড়া মুখী বনে। শেষ পর্যন্ত ঠিক হল ক্লেশদের কয়েকদিন এড়িয়ে চলতে হবে। দু তিন দিন পরে ওরা নিশ্চয়ই আমাদের কথা ভুলে যাবে, তখন না হয় আবার বনে ফেরা যাবে। সত্যি বলতে কি ওদের রাজ্যত্ব মাত্র মাস দুয়েকের। জুলাই থেকেই ওরা আবার হাওয়ায় মিলিয়ে যাবে। ক দিনই বা আর বাকি।  মাঝে অবশ্য লান্দিস ফুটবে। তখন না হয় ওদের ফাঁকি দেবার চেষ্টা করা যাবে। এখন কী করা? ভোলগা আছে কি জন্য? আজ তাই ভোলগার দিকেই গেলাম। 

দুবনা, ০৬ মে ২০২১ 


Wednesday, May 5, 2021

অপেক্ষা

 


প্রকৃতির সঙ্গ আমার বরাবরই ভাল লাগে। সময় পেলেই তাই চলে যাই ভোলগার তীরে বা বনে। বছরের এ সময়টা বন ভ্রমণ উপভোগ্য হলেও বেশ রিস্কি। দীর্ঘ শীতের শেষে সাপেরা বেরিয়ে আসে রোদ পোহাতে। দুবনায় দু ধরণের সাপ দেখা যায় - একটা দেশের ঢোরা সাপের মত নির্বিষ উঝ, আরেকটা কালো - বিষাক্ত গাদিউকা। তবে এরা সংখ্যায় নগন্য আর নিজেরাই মানুষজন এড়িয়ে চলে। তাই বড় ভয় ক্লেশ নামে এক ধরণের অতি ক্ষুদ্র কীট। এরা পাতায় বসে থাকে, প্রয়োজনে ১-২ মিটার লাফিয়ে পার হতে পারে। সাইজে লালা পিঁপড়ের অর্ধেক। সাধারণত মানুষ বা জীবজন্তুর (কুকুর, বিড়াল) শরীরে ঢুকে যায়। সেখানেই মৃত্যু বরণ করে। কিন্তু এদের কেউ কেউ দুটো রোগের জীবানু বহন করে - এন্সেফালিট আর বরেলিওজ। দুটোই সময় মত চিকিৎসা না পেলে ফাটাল হতে পারে। এন্সেফিলিটের জন্য টিকা আছে কিন্তু বেরিলিওজের টিকা এখনও আবিষ্কৃত হয়নি। কুকুর বিড়ালদের ক্লেশের হাত থেকে বাঁচানোর জন্য কলার পাওয়া যায়। মানুষ ওটা পরে উপকার পাবে কিনা জানি না।

আমি প্রথম ক্লেশের কামড় খাই ২০১২ সালে ক্রিমিয়ায়। সাথে সাথে ডাক্তার দেখাই। ওরা ক্লেশ বের করে টেস্ট করে সেটা সংক্রামক কিনা। আর আমাকে বলে রেগুলার তাপমাত্রা চেক করতে। সেটা করতাম হোটেলের নীচে। তখন ওরা অবাক হয়ে আবিষ্কার করে আমার শরীরের তাপমাত্রা ৩৪ -৩৫ মধ্যে থাকে। এ কারণে অবশ্য করোনা কারণে বিভিন্ন অফিসে ঢুকতে গেলে যখন তাপমাত্রা চেক করে, ওরা আমার নাড়ি (মানে তাপমাত্রা) খুঁজে পায় না। সেটা কখনও কখনও সমস্যা তৈরি করে।

গুলিয়া দিনের বেলায় ভোলগায় যেতে পছন্দ করে না অনেক লোকের ভিড় বলে। তাই আমরা বনে যাই। ছবি তুলি, ঘুরে বেড়াই। এখন বনে বিভিন্ন রকমের বেরির নতুন পাতা গজাতে শুরু করেছে। সেগুলো আমরা সংগ্রহ করি শীতে চায়ের সাথে মিশিয়ে খাবো বলে। খুব সুন্দর এরোমা হয় এতে। আজ বনে গিয়ে বললাম, এখনই সময় পাতা সংগ্রহের। গুলিয়া লেগে গেল আর আমি মনে মনে ভাবলাম ক্লেশ এখন না কামড়ালে হয়। ঘণ্টা দুই ঘুরে বাসায় ফিরে খেতে বসেছি, হঠাৎ কন্ঠার হারের ওখানে দেখি কালো কী একটা। আয়নায় দেখে মনে হল ক্লেশ। গুলিয়া দেখে বলল ওটা ক্লেশ। সাথে সাথে ইমারজেন্সিতে ফোন করে জানলাম কি করতে হবে। চলে গেলাম হাসপাতালে। ওখানে ওরা ওকে বের করল। খুব গভীরে ঢুকতে পারেনি। আমি সিস্টারকে বললাম, বেচারা খুব বোকা তাই হাড্ডিতে কামড় দিয়েছে। যাহোক, জীবীত অবস্থায় ভদ্রলোককে বের করা হল। সেটাকে ল্যাব্রেটারিতে পাঠাবে। ততদিন আমাকে দেখতে হবে তাপমাত্রা ঠিক আছে কিনা, ঘুম পায় কিনা। দুর্বলতা আছে কিনা ইত্যাদি। আমি ওকে বললাম, করোনার পর আমার ইদানীং এমনিতেই ঘুম পায় আর দুর্বলতাও আছে। "তাহলে দেখবেন চলতে অসুবিধা হচ্ছে কিনা।" হাসপাতাল থেকে যখন হাঁটতে হাঁটতে বাসায় ফিরছিলাম, মনে হচ্ছিল পাটা একটু ব্যাথা করছে। আসলে আমার সব ধরণের রোগের সিম্পটম আছে। শুধু কেউ বললেই হল, আমি সব সময় ঠিক ঠিক রোগের উপসর্গ পেয়ে যাই। ভাগ্যিস ওরা ক্লেশের টেস্ট করবে। এ কয়টা দিন অন্তত ভয় আর নির্ভয়ের মধ্য দিয়ে কেটে যাবে।

দুবনা, ০৫ মে ২০২১














মুক্তি

 


মূল্যবোধের মূল্য গিয়েছে কমে
অর্থ বলের আকাশ ছোঁয়া দাম
পেশী শক্তি পেছন পেছন চলে
মুক্ত বাজার শুনেছি তার নাম

মুক্ত বাজারে মুক্ত নয় কো মন
মুক্তি এখানে অসহায় দীন হীন
সে আজ শুধুই টাকার কেনা গোলাম
ব্যাংকের কাছে তার যে অনেক ঋণ

মুক্ত বাজারে খুঁজো না তোমরা মুক্তি
সবাই এখানে অর্থের ক্রীতদাস
টাকাই এখানে সর্ব শক্তিমান
কেনা বেচা ছাড়া জানে না সে কোন যুক্তি

মূল্যবোধ আজ হয়েছে মূল্যহীন
চারিদিকে আজ শুধুই বেচা কেনা
দিনে দিনে তাই বাড়িতেছে শুধু দেনা
ভোগের এই মুক্ত বিশ্বে মানুষ আদর্শহীন।

দুবনা, ০৫ মে ২০২১




Monday, May 3, 2021

ডিলেমা

মানুষ মনে হয় জীবনের চেয়ে মৃত্যুকেই বেশি ভালবাসে তাই তো এত লোক পৃথিবীর সুখ শান্তি দু পায়ে ঠেলে বেহেশতের পেছনে ছুটে।

দুবনা, ০৪ মে ২০২১ 

গণতন্ত্র

 


আমরা বরাবরই সামরিক শাসনকে অগণতান্ত্রিক বলে মনে করি। অথচ কিছু কিছু দেশ এই সৈনিকদের ব্যবহার করেই বিভিন্ন দেশে গণতন্ত্র নামক পণ্য সুলভে রপ্তানি করতে চায়। সৈনিকরা গণতন্ত্রের সঠিক বাহক নয় বলেই হয়তো দিনের শেষে এসব দেশে অরাজকতা দেখা দেয়।

দুবনা, ০৩ মে ২০২১

Sunday, May 2, 2021

ভোগ

 


ভোগ - একমাত্র ভোগই আজকাল অধিকাংশ মানুষের জীবন দর্শন। ভোগে সমস্যা নেই যদি না সেটাই হয় জীবনের একমাত্র লক্ষ্য়। কিন্তু কয়েক জেনারেশন মানুষ এখন এভাবেই গড়ে উঠছে আর এতে ইন্ধন যোগাচ্ছে পুঁজিবাদ। মানুষকে ভোগের লোভ দেখিয়ে সে তাকে বাঁধছে ঋণের নাগপাশে। স্বল্প পরিশ্রমে স্বপ্নকে ধরার জন্য মানুষ যে যেভাবে পারছে নিজেকে বিক্রি করছে, বিক্রি করছে স্বল্প মূল্যে। গড়ে উঠছে নব্য ক্রীতদাস শ্রেণী। যদি আগে মানুষ দাস হত নিজের ইচ্ছার বিরুদ্ধে, আজ সে দাস হচ্ছে স্বেচ্ছায়, সচেতন ভাবে। এই ক্রীতদাস আর কোন স্পার্টাকাসের জন্ম দেয় না, দিতে পারে না। তাই আজকের ক্রীতদাসেরা মালিকের অবাধ্য হয় না, বরং "বাবু যত বলে পারিষদ-দলে বলে তার শতগুণ" নীতি অনুসরণ করে বাবুদের অন্যায়, অত্যাচার, অবিচার সব কিছুকে জায়েজ করার জন্য আদা জল খেয়ে নামে।

দুবনা, ০২ মে ২০২১ 
 
 

 

Saturday, May 1, 2021

লড়াই

 

করোনার কাছে অসহায় দেবতা
আইসোলেশনে গিয়ে তিনি আজ দিয়েছেন বারতা
মুখোস পরে সেজেছেন তিনি ভয়ঙ্কর দানব
করোনার সাথে করছে লড়াই একাকী মানব।

দুবনা, ০১ মে ২০২১