Wednesday, October 29, 2025

বাবার উপদেশ ও জনগণের বিদেশী চাকর

জুলাই সনদ নিয়ে অনেক রথী মহারথীদের বক্তব্য দেখলাম ফেসবুকে। কিছু কিছু লোকের কথা শুনে একটা গল্প মনে পড়ে গেল। 

এক অতি হিসেবী লোক ছেলেকে দীর্ঘ সময় টয়লেটে বসে থাকতে দেখে বললেন 
"মাইশা তোকে কতদিন বলেছি টয়লেটটা অফিসে সারতে। তাতে ১) টিস্যু আর জল খরচ বাঁচাতে পারতি। ২) ইলেকট্রিসিটির বিল কম আস্ত। ৩) তারচেয়েও বড় কথা এই ১০-১৫ মিনিট কাজের সময় বলে গণ্য করা হত। মানে এর জন্য উল্টো বেতন পেতি। যাকে বলে অন্তহীন লাভ।

কাজকর্ম দেখে মনে হয় কিছু কিছু প্রবাসী বাংলাদেশী বিভিন্ন দায়িত্ব নিয়ে বাংলাদেশে আসলে হাগতে এসেছে। এই হাগকে বিদশী হাগের সাথে গুলিয়ে ফেলবেন না যেন।

দুবনা, ২৯ অক্টোবর ২০২৫

Thursday, October 23, 2025

উপলব্ধি

যদি একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতাকে বিশাল কোন প্রাণীর সাথে ও আওয়ামী লীগ, বিএনপি ও বাম জোটের মুক্তিযোদ্ধাদের বাঘের সাথে তুলনা করি তাহলে দেখব বিজয়ের পর থেকেই তারা ট্রফি দখলের লড়াইয়ে ব্যস্ত আর এই সুযোগে জামায়াত শিবির ও অন্যান্য স্বাধীনতা বিরোধী হায়েনার দল শিকার নিয়ে অনেক আগেই ভেগে পড়েছে - প্রথমে দখল করেছে অর্থনীতি, এরপর শিক্ষাঙ্গন ও সমাজ বিশেষ করে মহিলাদের এবং সবশেষে রাজনীতির মাঠ। দুবনা, ২৩ অক্টোবর ২০২৫

Wednesday, October 22, 2025

ভাবনা

পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা বিজ্ঞানে এসব ক্ষেত্রে যারা কাজ করছেন তারা অন্তত বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নে ও অসুস্থতা নিরাময়ে ব্যাপক অবদান রেখেছেন। মানব সভ্যতার উন্নয়নে এসব বিষয়গুলোর অবদান অনস্বীকার্য। কিন্তু অর্থনীতিতে যারা কাজ করেছেন তারা কি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পেরেছেন? উল্টো ধনী আর গরীবের মধ্যে বৈষম্য অনবরত বেড়ে চলছে। সেই অর্থে অর্থনীতি মূলত অর্থশালীদের পক্ষে কাজ করছে। আর শান্তির জন্য যারা কাজ করেন তারা শান্তি আনেন নাকি যারা বিশ্ব নিয়ন্ত্রণ করে তাদের হাতে অশান্তির অস্ত্র হিসেবে কাজ করে সেটাও ভাবনার বিষয়।

দুবনা, ২২ অক্টোবর ২০২৫

Sunday, October 19, 2025

প্রস্তাব

আজ সমুদ্র বন্দর, কাল বিমান বন্দর - তা এভাবে খুচরো ইজারা দেবার কি দরকার? আমাদের দেশের হর্তাকর্তাদের সবারই তো দ্বৈত নাগরিকত্ব আছে। তাই বলছি ভালো একটা পার্টি দেখে গোটা দেশটাই কারোও কাছে ইজারা দেয়া যায় না? তাতে অন্তত জাতি এসব ছ্যাঁচড়া কেয়ার টেকারের অতি নিম্নমানের স্বৈরাচারী বন্দোবস্ত থেকে রেহাই পাবে।

মস্কো, ২০ অক্টোবর ২০২৫

আলো আঁধার

ছোটবেলায় পড়েছি অনেক দিন আগের কথা। তখন আরবের লোকেরা বর্বর ছিল। ইউনুস উত্তর (কে জানে উনি অমর কি না, তাহলে ইউনুস পরবর্তী যুগ বলে কিছু থাকবে না - সবটাই হবে ইউনুস শাহী) যুগে আমাদের উত্তরসূরীরা পড়বে - অনেক দিন আগের কথা। তখন বাংলাদেশের লোকেরা বর্বর ছিল। এরপর ইউনুস বাংলার সিংহাসনে আরোহণ করেন এবং জুলাই সনদ স্বাক্ষর করেন যাকে আধুনিক কালের মদিনা সনদ নামে অভিহিত করা যায়। এরপর থেকেই বাংলাদেশের মানুষ বর্বরতার যুগ থেকে ভদ্র যুগে, অন্ধকার থেকে আলোতে প্রবেশ করল। ইউনুসের নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা হল।

মস্কো, ১৯ অক্টোবর ২০২৫

Saturday, October 18, 2025

গণতন্ত্র

আব্রাহাম লিঙ্কনের ভাষায় গণতন্ত্র হল জনগণের জন্য জনগণের দ্বারা নির্বাচিত জনগণের সরকার।‌ তবে বর্তমানে মনে হয় জনগণের নামে জনগণকে শোষণ করার জন্য অল্প কিছু সংখ্যক মানুষের শাসনের নাম গণতন্ত্র। আর শান্তি হল ইউরোপের টাকায় আমেরিকার অস্ত্র দিয়ে অন্তহীন যুদ্ধ।

দুবনা, ১৮ অক্টোবর ২০২৫

Friday, October 17, 2025

প্রশ্ন

ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন বাংলা ও পরে ভারত দখল করে এর ব্যবস্থাপকরা ছিল বৃটিশ নাগরিক। পরবর্তীতে বৃটিশ রাজ ভারতের দখল নেয়। বাংলাদেশের বর্তমান ব্যবস্থাপকের সবাই আমেরিকা, বৃটেন, অস্ট্রেলিয়া, সুইডেন সহ বিভিন্ন পশ্চিমা দেশগুলোর নাগরিক বলে জানা যায়। সেই অর্থে বাংলাদেশ এসব দেশের ভাগের মা। প্রবাদ আছে যে ভাগের মা গঙ্গা পায় না। বাংলাদেশ পাবে কি? নাকি ইতিহাস তাকে পাশ কাটিয়ে চলে যাবে?

মস্কোর পথে, ১৭ অক্টোবর ২০২৫