Sunday, July 30, 2023

কর্ম


এমন কি কিছু করা যায় যাতে নিষ্কাম কর্ম করাও হয় আবার শূন্য হাতেও ফিরতে হয় না?
অবশ্যই যায়। নিষ্কাম কর্ম হল ফলের আশা না করে কাজের আনন্দে কাজ করা। যদি কেউ মূলার চাষ করে তাহলে কাজও করা হবে আবার তার পুরস্কার ফল না হয়ে হবে মূল। 

দুবনা, ৩১ জুলাই ২০২৩

Thursday, July 27, 2023

আফিম

মার্ক্স ধর্মকে আফিম বলেছিলেন তাই অনেকেই ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আমার ধারণা বেঁচে থাকলে আজ তিনি ভোগবাদকে আফিম বলতেন, কেননা ভোগের নেশা প্রায়ই আমাদের কাণ্ডজ্ঞান লোপ করে। অথচ আমরা এর বিরুদ্ধে যুদ্ধ করি না, বরং ধার করে হলেও ভোগ করি। পিছে আরাম আয়েশ ত্যাগ করতে হয় এই ভয়ে আমাদের আসল লড়াই থেকে দূরে সরিয়ে রাখে। ধর্মকে আফিম বলার কারণ ধর্মের কথা বলে মানুষকে তার বাঁচার লড়াই থেকে সরিয়ে রাখা। ভোগের লোভ দেখিয়ে এই একই কাজ করা হচ্ছে না কি?

দুবনা, ২৭ জুলাই ২০২৩

Tuesday, July 25, 2023

ঐক্যের দ্বন্দ্ব

যেকোন ঐক্যের মধ্যেই সুপ্ত থাকে বিভেদের বীজ। এটা হয় মানুষের অন্তর্নিহিত চারিত্রিক বৈশিষ্টের কারণে। নিজেদের অস্তিত্ব রক্ষার জন্যই কিছু মানুষ একত্রিত হয়, গড়ে তোলে সংগঠন বা দল। অনেকের ঐক্য তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করে, তারা পৌঁছে সাফল্যের শিখরে। কিন্তু অনেককে ঐক্যবদ্ধ হয়ে চলার অন্যতম শর্ত একটা অবকাঠামো যেখানে বিভিন্ন লোক বিভিন্ন দায়িত্বে থাকে, থাকে দায়িত্বের প্রকার ভেদ, থাকে নিয়ম-কানুন মেনে চলার বাধ্যবাধকতা। সৃষ্টি হয় পদ। পদকে কেন্দ্র করে শুরু হয় প্রতিযোগিতা, বিভেদ। বিপরীতের ঐক্য ও দ্বন্দ্ব - এটাই অগ্রগতির চালিকা শক্তি। তবে ঐক্য যাতে দ্বন্দ্বের অবসান না ঘটায় কারণ তাতে আত্মসমালোচনা উধাও হয়ে আমাদের আত্মতুষ্টির আগুনে পুড়িয়ে মারে, সেটা যেমন নিশ্চিত করা দরকার, তেমনি প্রয়োজন দ্বন্দ্ব নিয়ন্ত্রণের মধ্যে রাখা, অন্যথায় সেটা ঐক্যের মৃত্যু ডেকে আনে।

দুবনা, ২৫ জুলাই ২০২৩

Monday, July 24, 2023

স্বপ্ন

সমাজতন্ত্রের স্বপ্ন আর আমেরিকান ড্রীমের পার্থক্য হল প্রথমটি কিছু লোক দেখে অনেকের বা প্রায় সবার জন্য, অবহেলিত ও বঞ্চিত মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, পক্ষান্তরে দ্বিতীয়টি অনেকে দেখে নিজের জন্য, একান্তই নিজের ভাগ্য ফেরানোর জন্য, কেউ কেউ আবার শোষকের দলে যোগদান করার জন্য। দুটোই স্বপ্ন। পার্থক্য কে কোথায় দাঁড়িয়ে দেখছে। এই অবস্থানের উপর ভিত্তি করেই কত স্বপ্ন নয় ছয় হয়ে যায়।

দুবনা, ২৪ জুলাই ২০২৩

Friday, July 21, 2023

প্রশ্ন

ফেসবুকে প্রায়ই শোনা যায় যে স্ত্রীরা যেভাবে মদ্যপ স্বামীদের ঘৃণা করে সেভাবে যদি ঘুষখোর স্বামীদের ঘৃণা করত তাহলে সমাজের চেহারা বদলে যেত। এ প্রসঙ্গে আমার অন্য একটা উদাহরণ মনে পড়ল। ৫০০ বছর আগে পশ্চিমারা ভাগ্যের সন্ধানে আমাদের দেশে আসত, এখন আমরা ওদের দেশে যাই ভাগ্যের অন্বেষণে। ওরা আমাদের শোষণ করে দেশকে নিঃস্ব করে নিজেদের উন্নত বিশ্বে পরিণত করেছে, আমরা ওদের ওখানে কাজ করে নিজেদের ব্যক্তিগত উন্নতির পাশাপাশি ওসব দেশের উন্নয়নে সাহায্য করছি। শুধু তাই নয়। ওরা বিভিন্ন সময়ে রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করে এখনও আমাদের নব্য ঔপনিবেশিক শাসনের শিকলে বেঁধে রাখছে আর আমরা শুধু পরোক্ষ ভাবেই নয় অনেকে প্রত্যক্ষ ভাবে এতে সাহায্য করছি। অনেকে বরং আগ বাড়িয়ে ওদের নিয়ে আসছি বিচারক হিসেবে। এবং এটা করছে ঘরের বৌ নয়, রীতিমত শিক্ষিত, সচেতন ও বুদ্ধিমান মানুষেরা। কবে আমরা মানুষ হব?

দুবনা, ২১ জুলাই ২০২৩

Thursday, July 20, 2023

আয়না

লেনিন বলেছিলেন তালস্তোই রুশ বিপ্লবের আয়না। আজ বেঁচে থাকলে হয়তো বলতেন হান্টার বাইডেন আমেরিকার ক্ষমতাসীন এলিটদের রাজনৈতিক ভাবনা ও তার আশু প্রয়োগের রোডম্যাপ। আর বাইডেন ও ট্রাম্প পুঁজিবাদের হলোগ্রাম।

দুবনা, ২০ জুলাই ২০২৩

Tuesday, July 18, 2023

হামলা

দেশে বাংলা ভাষার চর্চার চেয়ে হামলার চর্চা আজকাল অনেক অনেক বেড়ে গেছে। ভয় হয় দেশের নিক নেম হামলাদেশ না হয়ে যায়।

দুবনা, ১৮ জুলাই ২০২৩