Tuesday, February 28, 2023

পাওয়া

খবরে প্রকাশ পরীক্ষা না দিয়েও ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে একজন। এতে কি অবাক হবার কিছু আছে? আজ রাজনীতি থেকে শুরু করে সমাজের প্রায় প্রতিটি ক্ষেত্রে (কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ বাদে) সবাই শুধু নিতে আর পেতে আসে, দেয় না কেউ। রাজনীতিবাজরা দেশ ও জাতির জন্য কিছু না দিয়েও পাহাড় পরিমান সম্পদের মালিক হয়। নেয়ার এই সংস্কৃতিতে পরীক্ষা না দিয়ে বৃত্তি পাওয়া কি খুব বড় অপরাধ? 

দুবনা, ০১ মার্চ ২০২৩

পাপ

শুনছি ঋষি সুনকের অর্থনৈতিক পদক্ষেপে ব্রিটেনের সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। মানুষ নাকি তিনটের বেশি টমেটো কিনতে পারছে না। না, পয়সার অভাবে নয়, টমেটোরা নাকি ব্রিটেনের উপর স্যাঙ্কশন আরোপ করেছে ওদের মিথ্যাচারিতার জন্য। মনে পড়ছে আশির দশকের শেষের দিকের সোভিয়েত ইউনিয়নের কথা। রনি তখন গর্বিকে বলেছিলেন, "সমাজতন্ত্র পুঁজিবাদকে বাইপাস করে সাম্যবাদে যাবার পথ নয়, সামন্তবাদ থেকে পুঁজিবাদে পৌঁছুনোর রক্তাক্ত ও দীর্ঘ পথ।" এখন ইউরোপের বিভিন্ন দেশের অবস্থা আর সোভিয়েত ইউনিয়নের আশির দশকের সমাজতন্ত্র দেখে মনে হচ্ছে, "পুঁজিবাদ হচ্ছে সামন্তবাদ থেকে সমাজতন্ত্রের তৃতীয় শ্রেণির ভার্সনে পৌঁছুনোর দীর্ঘ, রক্তাক্ত পথ।" তবে এসব ঘটনায় আমি অন্য কারণে একটু মজা পাচ্ছি। শেষ পর্যন্ত পলাশীর যুদ্ধের প্রতিশোধ নিচ্ছে কোন ভারতীয় বংশোদ্ভূত। ওরা মীর জাফরকে কিনে ভারতীয়দের অশেষ কষ্ট দিয়েছে। এখন এক ভারতীয় ওদের ঘরে ঢুকে সেই অত্যাচারের প্রতিশোধ নিচ্ছে। পাপে ছাড়ে না বাপেরে।

দুবনা, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

Monday, February 27, 2023

নিয়ন্ত্রণ

অনিয়ন্ত্রিত কোন কিছুই ভালো নয় কারণ সেটা একদিন ফ্র্যাঙ্কেষ্টাইনের রূপ নিতে পারে। এমনকি স্বাধীনতাকেও দায়িত্ব ও কর্তব্য দিয়ে নিয়ন্ত্রণ করতে হয়। তাই কোন সৃষ্টি ধ্বংসের কারণ হবে কিনা সেটা নির্ভর করে তার উপর আমাদের কতটুকু নিয়ন্ত্রণ থাকবে তার উপর। সেটা আইই হোক আর যাই হোক। এটাও আইন সবার জন্য সমান সেই নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। কেননা কারও প্রতি পক্ষপাতদুষ্ট হলেই সে মাথায় ওঠে, নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বিপদ ডেকে আনে।

দুবনা, ২৮ ফেব্রুয়ারি ২০২৩

Sunday, February 26, 2023

অর্থ

সব অর্থনৈতিক কাজ-কর্মই অর্থপূর্ণ ও নৈতিক নয়। উল্টা বেশির ভাগ, বিশেষ করে যেখানে বিপুল অর্থের ছড়াছড়ি, ক্ষেত্রেই তা অর্থহীন ও অনৈতিক। আর এখানেই অর্থের প্যারাডক্স।

মস্কো, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

জ্যাম

রাস্তা থেমে আছে। একেবারেই এগুচ্ছে না। অনেক দিন পরে এমন কাঁঠালের আঠায় আটকে গেলাম।

মস্কোর পথে, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

Saturday, February 25, 2023

জিপিএ ফাইভ রোগ

বই মেলায় বই প্রকাশ করা না করা নিয়ে কবি, সাহিত্যিক ও লেখকদের উত্তেজনা বা হতাশা দেখে মনে হয় তারাও এসএসসি বা এইচএসসি পরীক্ষায় বসা ছাত্র-ছাত্রীদের মত জিপিএ ফাইভ রোগে আক্রান্ত। আর পাঠক হল প্রতিবেশী যারা ছাত্র-ছাত্রীদের মত কবি সাহিত্যিকদের বিচার করে বই মেলায় তাদের সৃষ্টি কাগুজে রূপ পেল কি না তার ভিত্তিতে।

দুবনা, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

বিনয়

বিভিন্ন সময়ে নিজে দেখে ও অন্যদের অভিজ্ঞতা শুনে মনে হয় আমাদের সব দেশ কী সরকারি কী বেসরকারি সব ধরণের অফিস কর্মীরা বেশির ভাগ ক্ষেত্রেই রূঢ়। যদিও অন্যান্য দেশে যে এটা নেই সেটা বলা যাবে না। কেন? মনে হয় এদের সব বিনয় ঈশ্বর আর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পেছনেই ব্যয় হয়ে যায়। তাই নিত্যতার সূত্র মেনে সাধারণ মানুষের সামনে এরা অবিনয়ী হয়ে ওঠেন।

দুবনা, ২৫ ফেব্রুয়ারি ২০২৩