Tuesday, January 31, 2023

মালিক

ইউরোপের নেতারা শুনলাম বাংলাদেশ সফরে গেছেন প্রশিক্ষণের জন্য। কিসের প্রশিক্ষণ? গান শেখা। হ্যাঁ, তারা সবাই মিলে কোরাস গাইবেন বুড়ো রাজার জন্মদিনে। কি গান জানেন?

মালিক আমার ইচ্ছা বলে কিছুই নাই
তুমি যেমনি চালাও তেমনি চলি যেমনি বলাও বলি তাই

দুবনা, ০১ ফেব্রুয়ারি ২০২৩

Monday, January 30, 2023

ওজন

আজকাল এমনকি তালপাতারসেপাই পর্যন্ত ওজন কমাতে ব্যস্ত। এই ওজন কমানো অবশ্য একমুখী নয়। তারা শারীরিক ওজন কমিয়ে নিজেদের সামাজিক ওজন বাড়াতে চায় ওজনের নিত্যতার সূত্র কাজে লাগিয়ে।

আমাদের দেশে তো সব সময়ই ওজনে ঠকানোর চল ছিল। অনেকেই দুই নম্বরী বাটখারা ব্যবহার করতো লোক ঠকাতে? এসব বাটখারা দিয়ে নিজেদের ওজন মাপলে তো ওজন বেশি দেখাবেই। 

তবে ভয়ের কিছু নেই। উঁচু পাহাড়ে বা বিল্ডিং-এ বাস করলে ওজনও কমবে আবার প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করা যাবে। রথ দেখা আর কলা বেচা দুটোই হবে। 

দুবনা, ৩১ জানুয়ারি ২০২৩

Sunday, January 29, 2023

খেলা

ন্যাটো ইনিয়ে বিনিয়ে ঘোষণা করছে যে তারা রাশিয়ার সাথে যুদ্ধ করতে প্রস্তুত। মৃতরা প্রমাদ গুনছে তাদের দেশে বন্যার স্রোতের মত শরণার্থীর ঢল নামবে ভয়ে। জীবিতরা যখন মরণ খেলায় নামে মৃতরা তখন ভয়ে কাঁপতে থাকে।

দুবনা, ২৯ জানুয়ারি ২০২৩

Saturday, January 28, 2023

স্বাধীনতা

অবস্থা এমন দাঁড়িয়েছে যে কারো কোন নিকটাত্মীয় যদি ইউরোপ, আমেরিকা বা নিদেনপক্ষে মালয়েশিয়া বা আরব দেশে না থাকে তাহলে সে নিজেকে বাংলাদেশী বলে পরিচয় দিতে কুন্ঠা বোধ করে। মন যখন উপনিবেশের ক্যান্সার দ্বারা আক্রান্ত মাটি থেকে মালিক তাড়িয়ে কি তখন স্বাধীন হওয়া যায়? নিজের অতীতকে, নিজের সংস্কৃতিকে অস্বীকার করে দেশ বা জাতি গড়তে গেলে সেটা হয় শেকড় বিহীন, সেটা হয় পূর্বের মালিকদের আধুনিক উপনিবেশ যেখান থেকে তারা রাজনৈতিক ও অর্থনৈতিক সুবিধার আদায়ের পাশাপাশি মেধা শোষণ করে।

দুবনা, ২৯ জানুয়ারি ২০২৩

অজ্ঞাত অজ্ঞতা

কিছু কিছু বিষয়ে নিজের আদিগন্ত বিস্তৃত অজ্ঞতা দেখে নিজেকে কেমন যেন গাধা গাধা মনে হয়। যদিও আমি জানি না এসব জানার আমার আদৌ কোন দরকার আছে কি না বা এসব জানলে আমার বা কারো কোন উপকার হত কিনা। মনে হয় এটা এক ধরণের ইনফেরিওরিটি কমপ্লেক্স বা হীনমন্যতা - অন্যেরা জানে অথচ আমি জানি না - সেটা কি কোন কথা হল? আমার সেই অজ্ঞতা ধরা পরে ফেসবুকের বুকে। সেখানে কত মানুষ কত জনকে নিয়ে লিখছে। বিশেষ করে কেউ পুরস্কৃত হলেন অথবা কেউ এই পাপে ভরা পৃথিবীর মায়া কাটিয়ে অন্তহীন এই মহাবিশ্বের দূরবর্তী কোন অজানা ঠিকানার উদ্দেশ্যে যাত্রা করলে। এদের সবাই নিজ নিজ ক্ষেত্রে একেক জন দিকপাল। কেউ কবি, কেউ সাহিত্যিক, কেউ সাংবাদিক, কেউ বিজ্ঞানী, কেউ শিক্ষক - এক কথায় সবাই নামী দামী ও জনপ্রিয় ব্যক্তিত্ব। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে আমি আগে এদের নাম শুনিনি। এটা কি জ্ঞানার্জনের প্রতি অনীহা নাকি আমার কূপমন্ডুকতা? 

দুবনা, ২৮ জানুয়ারি ২০২৩

চাকরি

আমরা প্রতিদিন কাজে যাই, কাজ শেষে ঘরে ফিরি। যায় দূর দেশে - কেউ কাজ করতে, কেউ বেড়াতে। কেউ কিছু দিনের জন্য, কেউবা আজীবনের জন্য। কিন্তু প্রায় সবাই ঘরে ফেরার জন্য পথ চেয়ে বসে থাকে। অধিকাংশ মানুষকে তার শৈশব, শৈশবের আলো বাতাস, সেই মাটি, সেই ঘরবাড়ি ফিরে ফিরে ডাকে। যদি জন্ম যেসব অণু পরমাণু দিয়ে আমাদের শরীর তৈরি তাদের কাজে যাওয়া হিসেবে দেখা যায় মৃত্যুটা তাহলে নিঃসন্দেহে এই সব অণু পরমাণুর ঘরে ফেরা। যেহেতু বস্তুর বিনাশ নেই আছে শুধু অবস্থার পরিবর্তন - তাই জন্ম বা মৃত্যু সেই অবস্থার পরিবর্তন যেখানে মৃত্যু বস্তু থেকে শক্তির রূপ ধারণ করে। বদলীর চাকরিতে মৃত্যু তাই শেষ কথা নয়, পোস্টিং বদল মাত্র। 

দুবনা, ২৮ জানুয়ারি ২০২৩

Friday, January 27, 2023

প্রমাণ

এত যে বিবর্তনবাদ বিবর্তনবাদ করেন দেখেছেন কখনো কোন বানরকে মানুষে রূপান্তরিত হতে?

বিবর্তন তো একমুখী নয়। উল্টো ঘটনাও বিবর্তনবাদের সত্যতা প্রমাণ করে। আমি কত মানুষকে যে বানরে পরিণত হতে দেখেছি তার ইয়ত্তা নেই। দেখবেন?

দুবনা, ২৭ জানুয়ারি ২০২৩