Sunday, August 1, 2021

প্রশ্ন

 

বিভিন্ন দেশের সরকারের চরিত্র দেখে মনে হয় সরকারই দেশের সবচেয়ে বড় শত্রু। তাহলে এই সরকার গঠনের জন্য এত হৈচৈই বা কেন, এত আন্দোলন সংগ্রামই বা কেন? 
 
মস্কো, ০১ আগস্ট ২০২১

দাবি

 

দেশের উন্নয়ন যেমন কলের চাকা ঘোরার উপর নির্ভরশীল, মানুষের উন্নয়ন তেমনি নির্ভর করে চাকরি বা কাজের উপর। উন্নয়নের জোয়ারে ভেসে যাওয়া মানুষ তাই মৃত্যুকে তুচ্ছ করে চাকরির বা জীবনের পিছে ছোটে। এটাই ভোগবাদি সমাজের নতুন আদর্শ। ঢাকামুখী মানুষের ঢল এটা সর্বোপরি তাই যুগের হাওয়া। এটা ভালো বা মন্দ নয়, এটাই জীবন। সাধারণ মানুষ আজ কাজ চায়, কাজ করে অর্থ উপার্জন করে মাথা উঁচু করে বাঁচতে চায়। সরকার আর মালিকদের কর্তব্য কাজের পরিবেশ তৈরি করা যাতে এসব এলাকায় রোগ নিয়ন্ত্রণে থাকে। লক ডাউন আরোপ নয়, সেটা তুলে নিয়ে সকলের জন্য ভ্যাকসিনের ব্যবস্হা সহ কাজের জন্য সুস্থ পরিবেশ তৈরিই আমাদের দাবি হোক
 
মস্কো, ০১ আগস্ট ২০২১

সুখ দুঃখ

 

একটা ছবিতে দেখলাম মানুষজন ট্রাকের উপর গাদাগাদি করে ঢাকা যাচ্ছে। চাইলে সরকার ও মালিকরা গাড়ি করে এদের আনার ব্যবস্থা করতে পারত। এতে মানুষের ভোগান্তি কমতো, সমাজের এলিট বলে যারা পরিচিত তাদের মানবিক রূপ জনগন দেখতে পেত।এতে লাভবান হত সবাই। সেদিক থেকে ছবিটি কষ্টকর। আবার যখন দেখলাম এই সব নারী;ও শিশুরা পুরুষদের হাতে নিজেদের নিরাপত্তার ভার তুলে দিয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে ভাবলাম আমাদের সমাজে এখনও সেই সব পুরুষ আছে যারা নারীদের সম্মান করতে জানে। এটা স্বস্তি জাগায়।
 
মস্কো, ৩১ জুলাই ২০২১

বিজ্ঞপ্তি

করোনা দেবীর অনুরোধে দেবরাজ ইন্দ্রের সভাপতিত্বে গতকাল স্বর্গে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় করোনা দেবী করোনা সম্প্রসারণে বিশেষ সুবিধা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও শিল্পপতিদের প্রতি এক ধন্যবাদ প্রস্তাব গ্রহণের আহ্বান জানান। মৃত্যুপূরীতে অবৈধ অনুপ্রবেশের কারণে জনসংখ্যার চাপ বেড়ে গেছে এই অজুহাতে যমরাজের মৃদু আপত্তি থাকার পরেও প্রস্তাবটি বিপুল সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে করোনা দেবীর নেতৃত্বে একটি নারকীয় দল অল্প কিছুদিনের মধ্যেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও শিল্পপতিদের সাথে সাক্ষাৎ করে

অভিনন্দন পত্রটি হস্তান্তর করবে।
 
মস্কো, ৩১ জুলাই ২০২১

দায়

 

বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রায়ই যে স্ট্যাটাস চোখে পড়ে সেটা হল মাস্ক পরুন, সামাজিক দৃরত্ব বজায় রাখুন। করোনা নিয়ন্ত্রণে এটা অন্যতম কার্যকরী পদক্ষেপ এতে কোন সন্দেহ নেই। তবে করোনার বিরুদ্ধে লড়াইটা শুধু জনগনের নয়, সরকারেরও। একাত্তরে আমাদের অস্থায়ী সরকার ছিল, জনগন তখন মূল লড়াইটা করলেও সেই সরকার সঠিকভাবে মানুষের নেতৃত্ব দিয়েছে। আজ সরকার আছে, প্রশাসন আছে। তাই শুধুমাত্র জনতাকে সচেতন হলেই হবে না, সরকারকে সচেতন হতে হবে। জনগন যাতে করোনাকালীন বিধিমালা মেনে অনাহারে, অর্ধাহারে বা অন্য কোন ব্যাধিতে মারা না যায় সেদিকে নজর রাখতে হবে। যারা সচেতনতার দায়িত্ব পুরোপুরি জনগনের কাঁধে চাপিয়ে দেন তারা যদি সরকার আর প্রশাসনের কাঁধে এ বিষয়ে একটু সুড়সুড়ি দিতেন লড়াইটা ভাল জমত।

মস্কো, ৩১ জুলাই ২০২১

আপ ডাউন

 

দেখে মনে হচ্ছে লক ডাউন সমাজের ডাউন মানে নীচের তলার মানুষের জন্য। ভারসাম্য বজায় রাখতে সরকার এখন সমাজের আপ মানে উপর তলার কিছু মানুষকে লক আপ করবে সে আশা দেশবাসী করতেই পারে।
 
মস্কো, ৩০ জুলাই ২০২১

জেল

 

আচ্ছা আজকাল নিরীহ লোকজনদের জেলে রাখা হয় কেন?
জেলে জায়গার অভাব বলে।
একটু বুঝিয়ে বলবেন?
আগে দুষ্ট লোক সংখ্যায় ছিল কম তাই ওদের জেলে ঢুকিয়ে নিরীহ মানুষদের ওদের হাত থেকে রক্ষা করা হত। এখন নষ্টদের সংখ্যা এত বেশি যে সারা দেশটাই জেলে পুরতে হয়। সহজ হল নিরীহদের জেলে পাঠিয়ে দু্ষ্টের খপ্পর থেকে বাঁচানো।

মস্কো, ৩০ জুলাই ২০২১