Saturday, June 1, 2024

পটল

পটলের কেজি নাকি ৪ টাকা। জমি থেকে পটল তুলে এই দামে পটল বিক্রি করলে তো মনে হয় কৃষকরা নিজেরাই পটল তুলবে। আর কর্তৃপক্ষ পটল ভাজি দিয়ে ঘি ভাত খেতে খেতে ঢেঁকুর তুলে কৃষকদের পটল তোলা দেখবে। 

দুবনা, ০১ জুন ২০২৪

Friday, May 31, 2024

ভোলগা স্নান

আজ ৩১ মে ২০২৪। শুরু হল ভোলগা স্নান। আমি সাধারণত জুন বা জুলাই মাসে সাঁতারের মৌসুম শুরু করি। দুবনায় ১৩ জুনের পরে আর তাপমাত্রা মাইনাস হয় না যেমন ১৩ আগস্টের আগে। গত কয়েক দিন তাপমাত্রা ২৩ থেকে ২৯ এর মধ্যে। তাই ভাবলাম মে মাসে ভোলগায় নামার এই সুযোগ হাতছাড়া না করাই ভালো। তবে জলের তাপমাত্রা মাত্র ১৭.৫, তবুও মিনিট দুয়েকের জন্য নামলাম।‌ ভালোই লাগলো। 

দুবনা, ৩১ মে ২০২৪

সাগর

সামাজিক মাধ্যম হল সাগরের মত। সাগরে আদিগন্ত বিস্তৃত জলরাশি অথচ পান করার মত এক ফোঁটা জল নেই। সামাজিক মাধ্যমেও অসংখ্য বন্ধু, কিন্তু মন খুলে কথা বলার মত তেমন কেউ নেই, প্রতি মিনিটে এখানে শত শত মানুষ শত শত স্ট্যাটাস লিখছে অথচ পড়ার মত প্রায় কিছুই নেই। কোয়ান্টিটি সব সময় কোয়ালিটির গ্যারান্টি দেয় না।

দুবনা, ৩১ মে ২০২৪

Tuesday, May 28, 2024

বস

অজানাকে জানার চেষ্টা করায় ঈশ্বর আদমকে নির্বাসন দিয়েছিলেন। তিনি এক ও অদ্বিতীয়। আমেরিকা নিজের অনন্যতায় অন্ধবিশ্বাস রাখে। তাই দুগিনের বই বা রুশ সাহিত্য, সংস্কৃতি নিষিদ্ধ করলেও তার গণতন্ত্রে আঁচড় লাগে না। ভিন্ন কথা যখন অন্য কোন দেশ, বিশেষ করে পশ্চিমা বিশ্বের বাইরে কেউ, সেটা করে। গণতন্ত্রের পূজারীরা এতে মোটেই ক্ষুব্ধ বা ব্যথিত নয়। তাদের কাছে গণতন্ত্র মানে তো আমেরিকার তাঁবেদারি করা। 

দুবনা, ২৮ মে ২০২৪

Sunday, May 26, 2024

নিজেকে ভালোবাসা

নিজেকে ভালোবাসতে ভয় এটা কি নার্সিসাস ফোবিয়া? অনেকেই নিজেকে ভালোবাসতে পারে না, আরও কম মানুষই পারে নিজেকে যে ভালোবাসে সেটা স্বীকার করতে। অথচ যে নিজেকে ভালোবাসে না সে এটা করে তা করতে তার ভালো লাগে বলেই। তাই নিজেকে ভালোবাসি না এটা ভুল ধারণা, শুধু পাছে লোকে কিছু বলে সেই ভয়ে নিজের কাছে অস্বীকার করা। কেউ নিজেকে ভালোবাসতে ভালোবাসে, কেউ নিজেকে ভালো না বাসতে ভালোবাসে। দুটোই আত্মকেন্দ্রিক।‌ দুটোই ভালোবাসা যদিও ভিন্ন লক্ষ্যে। 

দুবনা, ২৬ মে ২০২৪

Saturday, May 25, 2024

স্বাধীনতা

স্বাধীনতারও স্বাধীনতা থাকা দরকার স্বাধীনতাকে না বলার। কারণ স্বাধীনতা না বলার স্বাধীনতা হারিয়ে ফেললে আগে হোক আর পরে হোক সে পরাধীন হতে বাধ্য।

দুবনা, ২৫ মে ২০২৪

Thursday, May 23, 2024

রোগ

রোগ জীবাণু প্রথমে শরীরে ঢোকে, পরে ধীরে ধীরে ভেতরের অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ - বিএনপি রোগ প্রথমে বাংলাদেশে ঢুকেছিল, এখন সেই রোগ আওয়ামী লীগের ভেতরে ছড়িয়ে পড়েছে। এমপি হত্যা মনে হয় সেই রোগের প্রথম না হলেও উল্লেখযোগ্য বহিঃপ্রকাশ।

মস্কো, ২৪ মে ২০২৪