Monday, May 20, 2024

মানুষ

অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দারিদ্র্য নির্মূল করতে ব্যর্থ হয়ে কতৃপক্ষ এখন দরিদ্র নিধনে মনোযোগী হয়েছে। রিকশার কোন দোষ নেই, সমস্যা আমাদের মানসিকতায়।

মস্কো, ২০ মে ২০২৪

Sunday, May 19, 2024

বিবাহ বিচ্ছেদ

প্রায়ই ফেসবুকে বিবাহ বিচ্ছেদের উপর পোস্ট দেখি। বিভিন্ন দেশে ডিভোর্সের পরিসংখ্যান, শিক্ষার সাথে এর সম্পর্ক ইত্যাদি। তবে নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি ডিভোর্সের পরিমাণ সবচেয়ে বেশি মোজাদের মধ্যে, বিশেষ করে কয়েক জোড়া মোজা একসাথে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলে কে বামপন্থী আর কে দক্ষিণপন্থী, কে কার বর আর কে কার বৌ সেটি বোঝার উপায় থাকে না। একেই বলে মোজা ধোলাই।

মস্কোর পথে, ১৯ মে ২০২৪

Saturday, May 18, 2024

নেতা

যে কোন কালেক্টিভের, তা সে পরিবার হোক, দল হোক আর দেশ হোক, সবচেয়ে বড় শত্রু কালেক্টিভের লোভী নেতা। সেই লোভ যদি ক্ষমতার লোভ হয় তাহলে কালেক্টিভের সদস্যদের দুর্ভোগের সীমা থাকে না। আর লোভ যদি ক্ষমতা ও অর্থের প্রতি হয় তাহলে শেষ পর্যন্ত কালেক্টিভের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়ে। 

দুবনা, ১৮ মে ২০২৪

Tuesday, May 7, 2024

রবি দিন

ছোটবেলা থেকেই ২৫ শে বৈশাখ, ১১ জ্যৈষ্ঠ এ সব বিশেষ দিন ছিল আমাদের জন্য যদিও পালন করতাম সাধারণত রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তী। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গেল, এক সময় ২৫ শে বৈশাখ অন্য দিনগুলোকে ছাপিয়ে গেল। এরপর দুই বাংলায় দুই পঞ্জিকার টানা হেঁচড়ায় কোনটা আসল আর কোনটা নকল সেটা নিয়ে দোটানায় পড়লাম বাইরে থাকার ফলে। এখন আর এ নিয়ে ভাবি না। রবীন্দ্রনাথ জীবনে এমন ভাবে জড়িয়ে গেছেন যে প্রতি দিনই মনে হয় ২৫ বৈশাখ। নিঃশ্বাস প্রশ্বাসের সাথে যিনি মিশে থাকেন তাঁকে কি আর একটা দিনে বন্দী করে রাখা যায়? মস্কো, ০৭ মে ২০২৪

Sunday, May 5, 2024

জন্মদিন

কেউ কি জানেন পৃথিবীর প্রথম কমিউনিস্ট কে ছিলেন - মার্ক্স না বুদ্ধ? এমনিতেই মনে হল। শুভ জন্মদিন কমরেড।‌ বর্তমান বাজারে তোমার দাম মন্দার দিকে। ছাত্র-ছাত্রীরা মার্ক্স চায় না তারা মার্কস চায়।‌ সব কিছুই পরিবর্তনশীল।

মস্কোর পথে, ০৫ মার্চ ২০২৪

Thursday, May 2, 2024

মই

ফেসবুকে একজনের প্রশ্ন 
যারা ফেসবুকে গাছ গাছ করছেন তাদের কতজন গাছ লাগিয়েছেন? 
সেই হিসাবে আমার জানা নেই। কিন্তু তারচেয়ে অনেক বেশি মানুষ যে অন্যদের গাছে তুলে মই নিয়ে ভেগে পড়েছে সেটা নিশ্চিত ভাবেই বলা যায়।‌

দুবনা, ০২ মে ২০২৪

Wednesday, May 1, 2024

পয়লা মে

১৮৮৬ তে শিকাগোর রাজপথে শ্রমিকরা রক্ত দিল। ঢাকায় শুনলাম মে ডে পালনকারী ছাত্র জনতা সাধারণ মানুষদের বেচাকেনা বন্ধ করে দিনের আয় থেকে বঞ্চিত করল। আমার বৌ উৎসব উপলক্ষ্যে আমাকে দিয়ে কেক কেনালো দোকান থেকে। স্বীকার করতেই হয় যে কেকের ভাগও ভাগ্যে জুটেছে। কিন্তু বুঝতে পারছি না আমি কোন দলে শোষকের না শোষিতের?
সবাইকে মে দিবসের শুভেচ্ছা। সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়নে এর নাম ছিল শ্রমিক সংহতি দিবস। এখন বসন্ত ও শ্রম দিবস।‌ সুতরাং সবাইকে শ্রম দিবসে বাসন্তী শুভেচ্ছা।

দুবনা, ০১ মে ২০২৪