Wednesday, November 8, 2023

ইউরেকা

আগে মানুষ পাথরে পাথর ঘষে আগুন জ্বালাত। আমি আজ হাতে হাত ঘষে গরম করে এক দৈত্য বের করলাম যে গেট খুলে দিল। শেষ পর্যন্ত কারো সাহায্য ছাড়াই আমি অফিসে ঢুকলাম। দুবনা, ০৮ নভেম্বর ২০২৩

জ্ঞান

ক্লাস রুম। শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলেন
- সুগারের বাংলা জান?
- তাতো জানি না। তবে সুগার চিনি। লবণের মত দেখতে। তবে খেতে মিষ্টি।

দুবনা, ০৮ নভেম্বর ২০২৩

Monday, November 6, 2023

মূলা

দেশে আলুর দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, তেলের দাম বাড়ে - তা মূলার দাম বাড়ায় না কেন সরকার? 
হঠাৎ আপনি মূলার পেছনে লাগলেন?
আরে না। ফেসবুকে সবাই বায়ু দূষণ নিয়ে স্ট্যাটাস দিচ্ছে। তাই মনে হল মূলাই যত নষ্টের মূল। ছোটবেলায় তো তাই জানতাম।

দুবনা, ০৭ নভেম্বর ২০২৩

Sunday, November 5, 2023

মহা ভাবনা

অনেক ভাবিয়া দেখিলাম ভাবিয়া ভাবিয়া সময়ের অপচয় করা একেবারেই অর্থহীন। তাই ভাবিলাম এখন হইতে আর ভাবিব না, না ভাবিয়াই কাজ করিব। কিন্তু তখনই মনে পড়িল সেই অমর বাণী
ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না।
আমি আবারও বসিয়া বসিয়া ভাবিতে লাগিলাম ভাবিব নাকি না ভাবিয়াই কাজ করিব। মহা ভাবনার বিষয়।

মস্কো, ০৫ নভেম্বর ২০২৩

স্মৃতি

অনেক দিন পরে লোকাল ট্রেনে মস্কো যাচ্ছি। ১৯৯৪ সালের মে মাসে যখন দুবনায় কাজে জয়েন করি সেই সময় থেকে ১৯৯৬ সালের গ্রীষ্ম পর্যন্ত প্রতি শুক্রবার মস্কো ফিরতাম লোকাল ট্রেনে। সাথে থাকত আফানাসিয়েভ। অনেক দিন পরে মনে পড়ল গিওর্গি নিকোলায়েভিচকে। সেই সময় দুবনা থেকে মস্কো পর্যন্ত সমস্ত স্টেশনের নাম মুখস্থ হয়ে গেছিল। প্রতিটি ঘটনাই অতীত থেকে ভবিষ্যতের দিকে যায় আর এই যাওয়ার পথে তাকে বর্তমান নামক এক চেকপোস্ট পাড়ি দিতে হয় তা সে কখনোই পারে না, কারণ অতীত আর ভবিষ্যতের এই মিলনস্থল বর্তমান ক্ষণস্থায়ী, অনেকটা গাধার সামনে ঝুলানো গাজরের মত, যা দেখা যায় কিন্তু ধরা যায় না। তবে কোন কোন ঘটনা অকস্মাৎ অতীত স্মৃতিকে জাগিয়ে তুলতে পারে। যেমন আজ হঠাৎ করেই সেই ১৯৯৪ সালের দিনগুলোর কথা মনে পড়ে গেল।

মস্কোর পথে, ০৫ নভেম্বর ২০২৩

Wednesday, November 1, 2023

বিশ্বাসের নিত্যতা

আমার মনে হয় অনেক কিছুর মত বিশ্বাসেরও নিত্যতার সূত্র আছে। যারা ঈশ্বর বা অন্য কোন আদর্শে অন্ধভাবে বিশ্বাস করে তারা ভিন্নমতাবলম্বীদের প্রায়ই অবিশ্বাসের চোখে দেখে, মানুষের শক্তিতে আস্থা রাখে না। অন্যদিকে যারা যুক্তিবাদী, যারা কোন কিছুতে অন্ধভাবে বিশ্বাস করে না তারা সাধারণত মানুষের উপর আস্থা হারায় না, অযথা কাউকে অবিশ্বাস করে না, অন্যদের সন্দেহের চোখে দেখে না।

দুবনা, ০২ নভেম্বর ২০২৩

শান্তি

একসময় মানুষ শাস্তির ভয়ে অপরাধ করতে দ্বিধা করত, এখন অধিকাংশ মানুষ মনে হয় অপরাধ করে শান্তি পায়, সুখ পায়। তা না হলে আজকাল এত মানুষ কি করে ঘুষ, দুর্নীতির সাথে জড়িত হয়? যেভাবে বিশ্ব নেতারা এই দেশ ধ্বংস করব, এই জাতি নিশ্চিহ্ন করব ইত্যাদি বলে হুঙ্কার দেয়, সুখ বা শান্তি না পেলে তারা কি সেটা করত?

দুবনা, ০১ নভেম্বর ২০২৩