Friday, February 20, 2026

এবারের একুশ

গত বছর হঠাৎ করেই জাতি কিছু শব্দ বিতর্কে জড়িয়ে পড়ে। জাতি বলা ভূল হবে। কারণ জাতির মূল প্রতিনিধি মানে কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ এসব নিয়ে কুতর্কে জড়িয়ে পড়ে না, তারা তাদের মুখের ভাষা কাউকে কেড়ে নিতে দেয় না। শুধু মাত্র কিছু ধূর্ত রাজনীতিবিদ ক্ষমতার লড়াইয়ে টিকে থাকতে এসব বিতর্ক সামনে আনে। ফলে সিনেমার ২৫ তম ফ্রেমের মত ইনসাফ, ইনকিলাব এসব শব্দ জনজীবনে ঢুকে পড়ে ন্যায়, বিপ্লব এসব শব্দকে দূরে সরিয়ে দিয়ে। অনেক বামপন্থী নেতাদের দেখি ভগৎ সিংয়ের দোহাই দিয়ে এসব আলোচনা দীর্ঘায়িত করতে। একই অর্থ বহন করলেও দুটি শব্দ যে দুই বিপরীত ধারণার প্রতিনিধি তার সবচেয়ে বড় উদাহরণ ঈশ্বর ও আল্লাহ। একই ভাবে সমার্থক হলেও ইনসাফ আর ন্যায় বা ইনকিলাব আর বিপ্লব আজ আর একই জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে না। ব্যালট বাক্সের মাধ্যমে এদেশের সাধারণ মানুষ নতুন করে ন্যায় আর বিপ্লবের পক্ষে তাদের সমর্থন জানিয়েছে যা আঠারো মাসের অনিশ্চয়তার পরে এবারের একুশকে ভিন্ন গুরুত্ব দিয়েছে। বাংলা ভাষা আবার জিতে গেছে।‌ 

সবাইকে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন!

দুবনা, ২১ ফেব্রুয়ারি ২০২৬

No comments:

Post a Comment