Sunday, March 31, 2024

অস্বাভাবিকতা

আমরা যখন বলি রবীন্দ্রনাথকে ভালোবাসি তখন বোঝাই যে তাঁর রচনা আমাদের ভালো লাগে। যখন বলি ব্রাজিলকে ভালোবাসি তখন বোঝাই সে দেশের ফুটবল টীম আমাদের ভালো লাগে। এক কথায় কাউকে ভালোবাসা, সম্মান করা - এর অর্থ তার কাজ, তার সৃষ্টি ভালোবাসা, তার সৃষ্টি রক্ষার জন্য কাজ করা। শুধুমাত্র ঈশ্বরকে ভালোবেসে, সম্মান করে, শ্রদ্ধা করে আমরা তাঁর সৃষ্টি ধ্বংস করি। তাঁকে সর্বশক্তিমান মেনে, তিনিই যে সব কিছু সৃষ্টি করেছেন তাতে অগাধ বিশ্বাস রেখে ধর্মের নামে বিধর্মীদের ধ্বংস করে। সেই অর্থে ধর্মের নামে অধিকাংশ কাজকর্ম স্বাভাবিক মানবিক বিচার-বুদ্ধির সাথে সাংঘর্ষিক।

মস্কো, ৩১ মার্চ ২০২৪

Saturday, March 30, 2024

দাঁড়ানো

আসীন মানে বসে থাকা। ক্ষমতাসীন মানে ক্ষমতার কাঁধে পা ঝুলিয়ে বসে থাকা। তবে আজকাল অধিকাংশ ক্ষেত্রে ক্ষমতাসীন মানুষ এতটাই উত্তেজিত, এতটাই অশান্ত যে এদের দেখে বসে আছে বলে মনে হয় না। সেক্ষেত্রে এদের ক্ষমতায় দাঁড়িয়ে থাকা মানুষ বলে ডাকা কি খুব অযৌক্তিক হবে?

মস্কো, ৩০ মার্চ ২০২৪

Friday, March 29, 2024

Разговор / কথোপকথন

Надежда умирает последней!
Плохо.
Что плохого?
Что она умирает.
Но за то последней.
Все равно же она умирает.

আশা সবার শেষ মারা যায়!
খুব খারাপ।
খারাপের কী হল?
ঐ যে, মারা যায়।
কিন্তু মারা যায় তো সবার শেষে।
তাতে কী? মারা তো যায়।

দুবনা, ২৯ মার্চ ২০২৪

Thursday, March 28, 2024

ধর্ম

মানব সভ্যতা, মানবতা - এসব ঈশ্বরের মতই একটি ধারণা যেটা ভাঙ্গিয়ে চালাকেরা বোকাদের মাথায় কাঁঠাল ভেঙ্গে খায়। এক সময় পশ্চিমা বিশ্ব এশিয়া, আফ্রিকা, আমেরিকার আদিবাসীদের হাতে বাইবেল ধরিয়ে দিয়ে এদের জমিজমা হস্তগত করেছে, এখন মানবতা নামক এক মন্ত্র আমাদের কানে ঢুকিয়ে মাথা কিনে নিচ্ছে। লক্ষ্য করার বিষয় কী ধর্ম, কী মানবতা এসব পালন করার দায়িত্ব শুধু আমাদের, তাদের এসব পালনের প্রয়োজন নেই। 

দুবনা, ২৮ মার্চ ২০২৪

Tuesday, March 26, 2024

সুখ ও স্বাধীনতা

ছোটবেলায় সুখের সংসারের প্রচলিত রূপ ছিল এরকম - গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, উঠান ভরা ছেলেমেয়ে। অনেকেই এরকম স্বপ্ন নিয়ে বিয়ের পিঁড়িতে বসত। অনেকেই ঘর ভরা নতুন মুখ ঠিকই পেত কিন্তু ধান, মাছ আর গরুর টিকির দেখা পাওয়া ছিল পরম সৌভাগ্যের ব্যাপার। সুখ তো কবেই পালিয়ে গেছে খোলা জানালা দিয়ে। তারপরেও প্রতি বছর বিবাহ বার্ষিকী আসে। এসব সংসারে বিবাহ বার্ষিকী পালন আসলে অপূর্ণ স্বপ্নের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলা, সুখী বিবাহিত জীবনের সেলফি তুলে ফেসবুকে দিয়ে অন্যদের চোখে নিজেকে একটু প্রাসঙ্গিক করে তোলা। জানি না আজ ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কেন এই কথাগুলো মনে হল।

সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন।

দুবনা, ২৬ মার্চ ২০২৪

Monday, March 25, 2024

পাগল

পাগলের কোন সমস্যা নেই। আর সমস্যা নেই বলেই ও পাগল। সমস্যা ভালো মানুষের যারা পাগলের কথায় নাচতে শুরু করে, পাগলের পাগলামীকে গুরুত্ব দেয়। আর পাগল যদি চতুর হয় সে প্রাসঙ্গিক থাকার জন্য ভেঙচি কাটে, থুথু ফেলে, এমনি যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে। ওসব ঘাটালে নিজের নাকে দুর্গন্ধ ঢুকবে। কী করা? পাগলকে পাত্তা না দিয়ে, লাই না দিয়ে এড়িয়ে চলুন। বন্ধ করুন পাগলের কীর্তন। আপনার গালি ওকে লজ্জিত করে না, ওর মূরিদ ও মুরাদ বাড়ায়।

মস্কো, ২৫ মার্চ ২০২৪

Saturday, March 23, 2024

বাঁচা

সবাই বাঁচতে চায় - কেউ মরণের হাত থেকে, কেউ জীবনের হাত থেকে। নির্ভর করে কে কোন ফ্রেমে দাঁড়িয়ে আছে।

দুবনা, ২৩ মার্চ ২০২৪