Tuesday, June 29, 2021

দেবতা

 

আমেরিকায় এক নতুন দেবতার আবির্ভাব হয়েছে। তার নাম বিএলএম। আমেরিকা ছাড়িয়ে সেটা এমনকি ফুটবলের মাঠে পর্যন্ত গড়িয়েছে।
মানুষ যেমন পাপ করে উপাসনালয়ে গিয়ে প্রার্থনা করে আবার নতুন উদ্যমে পাপ করতে শুরু করে বর্তমান মার্কিন প্রশাসনের বিএল এম তোষণ আমার কাছে সেরকমই মনে হয়। সত্যিকার শিক্ষা দিয়ে সমাজের পিছিয়ে পড়া এই অংশকে তাদের সামাজিক ও মানসিক অবস্থা উন্নতি করার সুযোগ তৈরি করে দেওয়ার পরিবর্তে যে কোন কম্পেনসেশন আর যাই হোক তাদের আধুনিক মানুষ করে গড়ে তুলতে পারবে না। ফলে এরা আগের মতই পিছিয়ে থাকবে, আর প্রশাসন এভাবেই নিজেদের পাপ স্খালন করল ভেবে সব পাপের দায়িত্ব এড়িয়ে যাবে।

দুবনা, ২৯ জুন ২০২১

Monday, June 28, 2021

প্রশ্ন

যারা খুব গর্বের সাথে বলেন যে আমেরিকা ইমিগ্র্যান্টদের দেশ, তারা কি কখনও ভাবেন সে দেশের আদিবাসী ইন্ডিয়ানদের কথা? 

দুবনা, ২৮ জুন ২০২১ 

Sunday, June 27, 2021

আদর্শ

মানুষ আদর্শের সুতোয় নিজেদের বাঁধে অন্যের ঘর ঠিক করতে, নিজেদের ঘর বাঁধতে এই আদর্শই অনেক সময় প্রতিবন্ধক হয়ে দেখা দেয়।

দুবনা, ২৭ জুন ২০২১ 

রাজনীতি

আগে রাজনীতি ছিল মানুষের জন্য, এখন মানুষ রাজনীতির জন্য। যতক্ষণ প্রয়োজন ততক্ষণ আদর, প্রয়োজন ফুরিয়ে গেলে ডাস্টবিন ঘর।

দুবনা, ২৭ জুন ২০২১ 

Saturday, June 26, 2021

পরিবর্তন

এভাবে চলতে থাকলে কিছু দিন পরে "কেমন আছ?" এর পরিবর্তে মানুষের প্রথম প্রশ্ন হবে "ভ্যাকসিন নিয়েছ?"

দুবনা, ২৬ জুন ২০২১ 

জন্মদাগ

 

গতকাল সকালে সূর্য লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকায় নদীর ঘুম ভাঙানোর লোক খুব একটা ছিলও না। আমিও একটু কাক স্নান করে প্যাভিলিয়নে ফিরে আসি। আজ অবশ্য ভিন্ন গল্প। ভোলগা আবার হাউজ ফুল। ঘাটে পা রাখতেই কয়েকজন বলে উঠলেন
- আমরা সবাইকে বলে বেড়াচ্ছি কে আমাদের ঘাট ঠিক করেছে।
- তাই? তা কী বললেন?
- বাংলাদেশ।

খুব একটা খুশি হতে পারলাম না, কেননা মূল কাজটা করেছেন অন্য এক ভদ্রলোক, আমি শুধু তাঁকে সাহায্য করেছি। মনে হল অন্যের কেকে আমি ভাগ বসাচ্ছি। কিন্তু আমাকে মনে রাখা বা আমার কথা বলা যত সহজ ওনার কথা বলা ততটা নয়।

আমি বছরের অন্য সময়টা সাধারণত সুইমিং পুলে সাঁতার কাটি। ছেলেদের সাথে একই জায়গায় স্নান করি, স্টীম বাথ করি, তাই ওদের কমবেশি ভাল করে চিনি। মেয়েদের ততটা নয়। তাই হঠাৎ করে রাস্তায় বা শহরে কেউ সম্বোধন করলে প্রথমে বুঝে উঠতে পারি না কে। আসলে সুইমিং পুলে ওরা থাকে বিকিনি পরা আর টুপি মাথায়। শহরে অন্য পোশাকে। আমিও তাই। তবে আমার গায়ের রং আমার সব গুমোর ফাঁস করে দেয়। ওরা অসংখ্য সাদাদের ভিড়ে আমাকে ঠিক চিনতে পারে। আমার পুরো শরীর ভরাই জন্মদাগ মনে হয়।

দুবনা, ২৬ জুন ২০২১ 
 
 

 

Friday, June 25, 2021

ভোগাস সূর্য

আজ ভোলগায় গিয়ে দেখি গরমে অতিষ্ঠ হয়ে সূর্যও মেঘের আড়ালে লুকিয়েছে। সাঁতারের পরে রোদ পোহাতে না পারলে স্নান কি জমে? যতসব! 

দুবনা, ২৫ জুন ২০২১