Thursday, October 31, 2019

মন্ত্রীর স্বগতোক্তি


হায়রে সংখ্যালঘু! সে তুমি ধর্মীয় হও, আদর্শিক হও আর আরব দেশ ফেরত লাশ হও - ভোটের রাজনীতিতে তোমরা কোন ফ্যাক্টর নও। কোটি কোটি টাকার মন্ত্রীদের চোখে তোমরা বড়জোর পথের কাঁটা। জীবিত থাকতে ভাত, কাপড় আর নিরাপত্তা চেয়ে জ্বালিয়েছ, বিদেশে গিয়ে মনিবের কথা না শুনে দেশের ভাবমূর্তি নষ্ট করেছ, এখন লাশ হয়ে এসেও হাজারটা প্রশ্ন করছ। মন্ত্রীর ঘুম হারাম করতে চাইছ। বলি, সাহস তো তোমার কম নয়! এটা কী মগের মুল্লুক, নাকি মধ্য আয়ের দেশ? এই নির্বোধ প্রজা নিয়ে আমরা রাজ্যত্ব করি কীভাবে!
দুবনা, ০১ নভেম্বর ২০১৯

বন অরণ্য

পুরো দেশটাই যেখানে অপরাধীদের জন্য অভয়ারণ্য সেখানে ছোটখাটো একটা সুন্দর বন থাকলেই কি আর না থাকলেই কি? 

দুবনা, ০১ নভেম্বর ২০১৯ 

উত্তর দক্ষিণ

প্রশ্ন করার আগে একশ বার ভেবো, কেননা কোন কোন প্রশ্নের উত্তরে রীতিমত দক্ষিণা মিলতে পারে।

দুবনা, ৩১ অক্টোবর ২০১৯ 

তাল

ঘোরের মধ্যে ভাবছে বসে
আকাশ আর পাতাল
মাতাল হাওয়া উড়িয়ে নিল
আস্ত একটা মাতাল 
 
দুবনা, ৩১ অক্টোবর ২০১৯ 

সুখাসুখ

কারও সুখে অসুখ
কারও অসুখেই সুখ
আসলে সুখটাই অসুখ 
 
দুবনা, ৩১ অক্টোবর ২০১৯ 

Wednesday, October 30, 2019

প্রিভেন্টিভ মেজার

অজানা একটা নম্বর থেকে ফোন এলো। ধরবে কি ধরবে না এই দ্বিধায় সেই পর্যন্ত ফোনটা ধরেই ফেলল হাসু।

কে বলছেন ভাই?

আমার একটা প্রস্তাব ছিল।

কিন্তু আপনি কে বলছেন আগে তাই বলুন।

প্রস্তাবটা আগে শুনুন, তারপর না হয় অন্য প্রশ্ন করবেন।

বলুন।

আমরা আজ ব্যঙ্ক ডাকাতি করতে যাচ্ছি। আপনাকে সাথে থাকতে হবে।

দেখুন, আমি এসবের মধ্যে নেই। আপনাকে চিনিনা, জানিনা, চিনতে বা জানতেও চাইনা। প্লীজ আমাকে আর এ ব্যাপারে ফোন টোন করবেন না।

হাসু এর মধ্যেই এই কথোপকথন ভুলে গেছিল। কিন্তু একদিন পুলিশ এলো বাসায়।

এই মিয়া, আপনাকে ডাকাতির প্রস্তাব দিয়েছিল, আপনি আমাদের জানান নাই কেন?

বারে, কে ফোন করল সেটা না জানলে আপনাদের কি জানাব। আপনারা তখন তো হাজারটা প্রশ্ন করতেন, যার উত্তর আমার তখনও জানা ছিল না, এখনও জানা নেই। কি জানাব তাহলে?

ফোন করেছিল, সেটা তো জানাতে পারতেন।

ভুল হয়ে গেছে। কিন্তু আমি তো চুরি ডাকাতি কিছু করিনি।

এটা ভুল নয়, অন্যায়। আপনাকে দু বছর হাজতে থাকতে হবে।

কেন? আমি তো ডাকাতি করিনি।

সেটা বড় কথা নয়। আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকাত ধরতে সাহায্য করেননি। এটা অপরাধ।

ডাকাতি হয়েছে? ডাকাত ধরা পড়েছে?

সেটা কোন প্রশ্ন নয়। ডাকাতের কাজ আইন অমান্য করা, সে তা করবে, ধরা পড়বে, আদালত তার বিচার করবে। কিন্তু একজন সুনাগরিক হিসেবে আপনার দায়িত্ব ছিল আমাদের সেই ফোন কল সম্পর্কে জানানো। আপনি জানাননি। এটা গুরুতর অপরাধ। আপনি আপীল করতে পারেন, তাতে আরও বড় শাস্তি হবার সম্ভাবনা আছে। তাই নিজের ভুল স্বীকার করে দু বছরের সাজা মেনে নিন। জীবন অনেক বড়।

কিন্তু আপনারা অপরাধীদের না ধরে আমাকে ধরছেন কেন? আমাকে শাস্তি দিচ্ছেন কেন?

আরে মিয়া চারিদিকে সবাই তো অপরাধী। আমরা গনতন্ত্রে বিশ্বাসী। জনগণকে তো আর জেল হাজতে ভরা যায় না, তাই যারা ভালো লোক, সংখ্যায় কম, তাদের ধরি। এতে আমাদের কাজ কমে, জনগণের খেদমত করা হয়। যারা এখনও অপরাধ করেনি তাদের ধরলে নতুন নতুন অপরাধী তৈরি হবে না। তাদের চোর ডাকাতদের প্রতিদ্বন্দ্বী তৈরি হবে না। ফলে ওদের মধ্যে যেমন অপরাধ প্রবণতা যেমন কমবে, ভালো মানুষদের মধ্যেও অপরাধ করার ইচ্ছে লোপ পাবে। এটাকে বলে প্রিভেন্টিভ মেজার।

দুবনা, ৩০ অক্টোবর ২০১৯

Tuesday, October 29, 2019

পড়া

বরফ পড়ছে। তাই ভাবছি আমি আর আজ পড়ব না। সবাই যদি পড়ে লিখবে কে?

দুবনা, ২৯ অক্টোবর ২০১৯