Friday, July 7, 2023

নিপাতনে সিদ্ধ

বাবা মা'কে বৃদ্ধাশ্রমে পাঠালে আমাদের জনগণ খুবই আবেগের সাথে ছেলেমেয়েদের শ্রাদ্ধ করে। তবে সব দেখে মনে হয় জনৈক রাগী বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠালে দেশের আপামর জনতা আনন্দে লাফাতে। সব কিছুর নিপাতনে সিদ্ধ থাকে। 

দুবনার পথে, ০৭ জুলাই ২০২৩

Thursday, July 6, 2023

সাম্য

সবাইকে নিজ নিজ মেধা অনুযায়ী বিকাশের সমান সুযোগ নিশ্চিত করা যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ প্রতিটি মানুষ যেন তার যোগ্যতা ও মেধা অনুযায়ী ফল ভোগ করে। বাহ্যিক সাম্য রক্ষা করতে গিয়ে যোগ্য, অযোগ্য সবাইকে সমান ভাবে বিচার করলে সেটা আসলে যোগ্যতার প্রতি অবিচার করা হয়, ভিন্ন মাত্রায় অসাম্য প্রতিষ্ঠা করা হয়। 

মস্কো, ০৭ জুলাই ২০২৩

Wednesday, July 5, 2023

শিক্ষা

মানুষ যখন জ্ঞান লাভের পরিবর্তে জীবনে সাফল্য লাভের জন্য শিক্ষা অর্জন করে তখন সে প্রায়ই প্রকৃত জ্ঞানীদের সম্পর্কে বিভিন্ন ভ্রান্তি ছড়ায় নিজের অবস্থান শক্ত করার জন্য। আসলে এতে করে সে জ্ঞান ও প্রকৃত শিক্ষার বিরুদ্ধেই জনমত গড়ে তোলে। দিনের শেষে সে এভাবে নিজের পায়েই কুড়াল মারে।

মস্কো, ০৬ জুলাই ২০২৩

Monday, July 3, 2023

ফ্যাশন

আজ মেট্রোতে আমার সম্মুখ দিয়া একজন কঙ্কাল (কঙ্কালিনী ) হন্টন করিয়া (হাঁটিতে হাঁটিতে) চলিয়া গেল। উহা দেখিয়া আমার মূর্চ্ছা খাইবার উপক্রম হইল। ইহাই নাকি ফ্যাশন।

মস্কো, ০৪ জুলাই ২০২৩


দাওয়াই

ঘুম হইতে উঠিয়া মস্তককে ব্যথিত দেখিয়া মনে বড়ই কষ্ট পাইলাম। অনেক করিয়া মাথায় হাত বুলাইয়াও যখন মস্তকের মনোকষ্ট দূর করিতে পারিলাম না তখন নিজেকে সত্যিই অকর্মা বলিয়া মনে হইতে লাগিল। ভাবিতেছি কি দাওয়াই দিয়া মস্তককে উন্নত শিরে জনসমক্ষে বাহির করা যাইবে!

মস্কো, ০৪ জুলাই ২০২৩

Saturday, July 1, 2023

কাম

এক কাঁচা মরিচ আমার দিকে তাকিয়ে মিটিমিটি হেসে বলল
"তোমার না আছে ঝাল
 না আছে দাম।
এমন জীবনের ঘানি টানার
আছে কি কোন কাম?"

না, কোন কাম নেই। মরিচ খেয়ে কাম নেই।

দুবনা, ০১ জুলাই ২০২৩

স্বৈরাচার

ব্যাকরণ অনুযায়ী গণতন্ত্র যদি হয় সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতের প্রতিফলন, তাহলে স্বেচ্ছাচার হল অধিকাংশের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিছু মানুষের খামখেয়ালিকে প্রাধান্য দেয়া। বিশেষ করে যদি জানা থাকে যে কারও কোন কাজ সামাজিক অস্থিরতা সৃষ্টি করবে। শুধুমাত্র বাক স্বাধীনতা বা মতপ্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে সরকার যদি সামাজিক শান্তি রক্ষার দায়িত্ব পালন না করে, সাধারণ মানুষের জীবন বিপন্ন করে তলে সেই সরকারকে গণতান্ত্রিক, মানবপ্রেমী ও দায়িত্বশীল বলা যায় না, প্রকৃত পক্ষে এরাই স্বৈরাচারী। ধারণা ছিল বই পোড়ানো এটা মধ্যযুগের ঘটনা। হিটলারের সাথে সাথে এসব অতীত হয়ে গেছে। কিন্তু মনে রাখতে হবে যে বিজ্ঞান, সাহিত্য, সংস্কৃতি, মানবতাবাদী অনেক কিছুর পাশাপাশি ফ্যাসীবাদের উৎপত্তিও এই ইউরোপেই। বর্তমান ইউরোপ ও আমেরিকায় বাক স্বাধীনতা, গণতন্ত্র ইত্যাদির নামে অনেক কিছুই হচ্ছে যেটাকে স্বৈরাচার বলাই যথার্থ। শুধু ধর্মগ্রন্থ বলেই নয় প্রকাশ্যে এভাবে বই পোড়ানোর সরকারি মদদ পশ্চিমা সমাজের, পশ্চিমা এলিট শ্রেণির অধঃপতনের আরও একটা প্রমাণ।

দুবনা, ০১ জুলাই ২০২৩