Wednesday, January 3, 2018

জন্মদিন - উপসংহার

গতকাল সেভার জন্মদিনে আমাদের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন, লাইক দিয়েছেন মন ভরে। সবাইকে চল্লিশ কোটি বত্রিশ লক্ষ তিরানব্বই হাজার দুইশ' ছাপ্পান্নটা ধন্যবাদ। সব আমার পক্ষ থেকে। যাকে নিয়ে এতো কাণ্ড, মানে সেভাকে এ ব্যাপারে কিছুই জানানো হয় নি, হবে না। আজকাল ওর ছবি, বিশেষ করে ছোট বেলার ছবি পোষ্ট করলেই বলে
- পাপা, তুমি আমাকে আবার ছোট করলে (Папа, хватит меня позорить - Dad, stop shaming me)
তাই ওকে এ ছবি দেখিয়ে আর ছোট করতে চাই না।
তবে জানি, ওকে না বললেও ওর জন্য আপনাদের পাঠানো শুভেচ্ছাগুলো ঠিকই ওর জন্য কল্যাণ বয়ে আনবে।

গতরাতে আমরা (মনিকা আর ক্রিস্টিনা এসেছিলো সেভার জন্মদিনে)
ছবিতে বা থেকে - ক্রিস্টিনা, আমি, সেভা আর মনিকা
 

 

চর্বি

এতক্ষনে বুঝলাম আমি কেন শুয়োর এতো পছন্দ করি।
কেন?
শুয়োর অতি স্নেহশীল, চর্বি দিয়ে ভরা। 
 
দুবনা, ০৩ জানুয়ারী ২০১৮ 
 
 

ক্রস রোডে ক্রস ফায়ার

বঙ্গ, ওয়ান ওয়ে রোডের দুটো উদাহরন দাও তো।
ইহলোকে আগমন আর পরলোক গমন। স্যার, দুটোই ওয়ান ওয়ে।
আর যদি জন্মের সময় মৃত্যু হয়?
ক্রস রোডে ক্রস ফায়ার স্যার।

দুবনা, ০৩ জানুয়ারী ২০১৮ 
 
 

Tuesday, January 2, 2018

ভাষার ভাসা

বলতো সোনা, দেশে এতো তৈল মর্দনের কারণটা কি?
তৈলকে স্নেহ পদার্থ বলিবেন আর মাখিবেন না তা কি হয়? ভাষাই সব ভাসায়।
 
দুবনা, ০৩ জানুয়ারী ২০১৮ 



জন্মদিন

আজ থেকে অনেক বছর আগে
এই দিনটায় জন্ম নিলো সেভা
তরতরিয়ে এমন বড় হবে
সেই দিনটায় জানতো বল কে বা?
এই মাত্র বছর খানেক আগে
ওর মাথাটা আমার কান ছুয়ে
বালক সুলভ কইত কত কথা
শুনতাম আমি ঘাড়টা একটু নুয়ে
এক বছরেই বেড়েছে হাতে পায়ে
মাথা এখন আকাশ ছুঁই ছুঁই
এই দিনটায় জন্ম নিলো সেভা
বছরের প্রথম মাস তারিখ ছিল দুই
দুই হাজার দুই সবে শেষ
শুরু হোল দুই হাজার তিন
মাস দিন বছরের হিসেবে
লিখি আমি ০১ ০২ ০৩
ফায়ার সার্ভিস পুলিশ ইমারজেন্সী
কাউকে আমার নেই আজ প্রয়োজন
আজকে আমার সেভার জন্মদিন
আজকে শুধুই আনন্দ আয়োজন।

দুবনা, ০২ জানুয়ারী ২০১৮ 
 
 
 
 

গবেষণা

গাধার গাধামী দেখে গাধীগুলো হাসে
নিজেদের চালাক ভাবে যারা চলে পাশে
আপেক্ষিক দুনিয়ায় কে গাধা কে নয়?
সেটাই হয়েছে আজ গবেষণার বিষয়!
 
দুবনা, ০২ জানুয়ারী ২০১৮ 
 
 

Monday, January 1, 2018

কথোপকথন

তুমি কে?
তোমার নিউ ইয়ার।
দরকার নেই আমার নতুন ইয়ারে, পুরানো ইয়ারদের নিয়েই তো বেশ আছি।